Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবারের ছুটির দিনে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ (Kolkata Metro)। বছরের শেষপ্রান্তে পিকনিক, গেট-টুগেদার, আউটিং সব মিলিয়ে পথে নেমেছিলেন বহু মানুষ। ঠিক সেই সময়েই ফের বিভ্রাট কলকাতা মেট্রোতে। নেতাজি মেট্রো স্টেশন (কুঁদঘাট) ও টালিগঞ্জ স্টেশনের মাঝামাঝি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল একটি মেট্রো রেক। যার জেরে চরম অস্বস্তিতে পড়েন শতাধিক যাত্রী।

কী কারণে থমকে গেল মেট্রো? (Kolkata Metro)
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়। আপ লাইনে চলাচলকারী একটি মেট্রো রেকে হঠাৎই ইমারজেন্সি ব্রেক লেগে যায়। ফলে ওই রেকটিকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। খবর পাওয়া মাত্রই মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন এবং সমস্যা খতিয়ে দেখা শুরু করেন।
প্রায় এক ঘণ্টা আটকে যাত্রীরা (Kolkata Metro)
মেট্রোর ভিতরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয় যাত্রীদের। বদ্ধ কামরার ভিতরে দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকার ফলে অনেকেই অস্বস্তিতে পড়েন, কেউ কেউ আতঙ্কিতও হয়ে ওঠেন। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে যাঁরা ছিলেন, তাঁদের সমস্যার মাত্রা আরও বেড়ে যায়।
মেট্রো লাইনে পায়ে হাঁটা (Kolkata Metro)
রেললাইনে মানুষ হাঁটছে এ দৃশ্য নতুন নয়। ট্রেনের গোলযোগ বা লাইন পারাপারের সময় প্রায়শই এমন ছবি দেখা যায়। কিন্তু মেট্রোর লাইনে যাত্রীদের পায়ে হেঁটে এগিয়ে যেতে দেখা যায় খুব কমই। রবিবারের ঘটনায় সেই বিরল দৃশ্যই সামনে এল।
পরিস্থিতি সামাল দিতে যাত্রীদের টালিগঞ্জ মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে অনেকে মেট্রো লাইন ধরেই পায়ে হেঁটে এগিয়ে যান, যা দেখে চমকে যান পথচারীরাও।
ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা (Kolkata Metro)
এই ঘটনার পর ক্ষোভ উগরে দেন সাধারণ যাত্রীরা। এক মহিলা যাত্রী বলেন, “মানুষকে শুধুই হেনস্থা করা হল। কোনও সিস্টেম নেই। এক ঘণ্টার উপর লেট করালো। নাটকবাজি যত!” অনেকের অভিযোগ, আগেভাগে স্পষ্ট ঘোষণা বা বিকল্প ব্যবস্থার কথা জানানো হলে এতটা ভোগান্তি হত না।

আরও পড়ুন: US Flight: একদিনেই বাতিল হাজারের বেশি উড়ান: ভ্রমণ মরসুমে আমেরিকায় চরম যাত্রী দুর্ভোগ
পরিষেবা কীভাবে চলছে এখন?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাগ্রস্ত রেকটির বদলে নতুন রেক আনা হচ্ছে। সেই রেকেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবে চলছে।



