Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগর মেলার (Gangasagar Fire) আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক পরের দিনই ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল সাগরদ্বীপে। শনিবার ভোরে ২ নম্বর স্নানঘাট সংলগ্ন এলাকায় একাধিক অস্থায়ী ছাউনি আগুনে ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি শিবিরে। ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
অস্থায়ী ছাউনিতে আগুন (Gangasagar Fire)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর আনুমানিক ৪টে (Gangasagar Fire) থেকে সাড়ে ৪টের মধ্যে প্রথম একটি অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। ওই এলাকায় মূলত প্রশাসনিক কাজে যুক্ত পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের জন্য অস্থায়ী শিবির তৈরি করা হয়েছিল। পুণ্যার্থীদের থাকার জন্য এই ছাউনিগুলি ব্যবহৃত হত না। বাঁশ, ত্রিপল ও প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় ছাউনিগুলি অত্যন্ত দাহ্য ছিল, যার ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়।
ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী (Gangasagar Fire)
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল (Gangasagar Fire) বাহিনী। দুটি ফায়ার ইঞ্জিনের পাশাপাশি পাঁচটি ফায়ার ফাইটিং বাইক নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় আধ ঘণ্টা থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগেই একাধিক অস্থায়ী শিবির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ক্যাম্প, তথ্য ও সংস্কৃতি দফতরের শিবির, সংবাদমাধ্যমের অস্থায়ী অফিস এবং নিখোঁজ তীর্থযাত্রীদের খোঁজার কাজে যুক্ত বজরং পরিষদের ক্যাম্প।
কী কারণে আগুন লেগেছে?
ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ, সাগরের বিডিও কানাইয়াকুমার রায় এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলা শুরুর সঙ্গে সঙ্গেই মেলার সমস্ত পরিকাঠামো চালু হয়েছে। তার মধ্যেই এই অগ্নিকাণ্ড প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছে। যদিও দ্রুত দমকল পৌঁছনোয় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: Horoscope: পৌষ কৃষ্ণা ষষ্ঠী তিথি, ভালো কাটবে কার?
এরই মধ্যে নতুন বছরের শুরুতে গঙ্গাসাগরবাসীর জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি মুড়িগঙ্গা নদীর উপর চার লেনের নতুন সেতুর শিলান্যাস করেছেন। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সেতু গঙ্গাসাগরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সেতু নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকি জমি শীঘ্রই নেওয়া হবে।


