Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যানিং জুড়ে দীর্ঘদিনের আতঙ্কের নাম ছিল অরিত্র বোস। তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বোসকে অবশেষে গ্রেফতার করল পুলিশ (TMC)। কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই গ্রেফতারিকে ঘিরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বহুদিন ধরেই সাধারণ মানুষের অভিযোগ ছিল, ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন অরিত্র বোস ও তার অনুগামীরা।

একাধিক হুমকির অভিযোগ (TMC)
নির্বাচনী প্রচারের সময় মাইক হাতে বিরোধীদের উদ্দেশ্যে একাধিক হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ ছিল, বিরোধীদের ঘরছাড়া করা, বাড়ি দখল, কার্ড মানি তোলা, মারধর সহ একাধিক ঘটনায় নাম জড়িয়েছিল অরিত্র বোসের। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তার দাপটে ভয়ে মুখ খুলতে পারেননি অনেকেই। ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
গুলি চালানোর ঘটনাতেও অরিত্র (TMC)
এমনকি একটি রাজনৈতিক মিছিলে গুলি চালানোর ঘটনাতেও অরিত্র বোসের নাম উঠে আসে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অরিত্র বোসের দাবি, যেদিন গুলি চলার ঘটনা ঘটে, সেদিন তিনি এলাকায় ছিলেন না। তিনি নাকি স্ত্রীকে নিয়ে একটি নার্সিংহোমে ছিলেন। তবে পুলিশের তদন্তে একের পর এক অভিযোগ সামনে আসতেই চাপ বাড়তে থাকে। অভিযোগ ওঠার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন অরিত্র বোস। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তদন্তকারীরা। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন: Dilip Ghosh: “রামমোহন কলেজে রাম নেই”, দিলীপ ঘোষের মন্তব্যে নতুন বিতর্ক
খুশির হাওয়া এলাকায়
অরিত্র বোস গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া এলাকায়। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর আতঙ্কমুক্ত হওয়ার আশা দেখছেন তারা। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার, তদন্তে আর কী কী তথ্য উঠে আসে এবং অরিত্র বোসকে নিয়ে আগামী দিনে কোন পথে এগোয় প্রশাসন।



