Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চরম অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে (Beldanga Protest)। শুক্রবার সকাল থেকে বেলডাঙা ও সংলগ্ন এলাকা কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। একদিকে রেললাইন অবরোধ, অন্যদিকে ১২ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দুই মিলিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা ধরে নাকাল হন হাজার হাজার যাত্রী।

ক্ষোভে ফেটে পড়ে এলাকা (Beldanga Protest)
শুক্রবার সকালে ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ। তিনি কাজের সূত্রে ভিন্রাজ্যে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন। অভিযোগ, ভিন্রাজ্যে কাজ করতে গিয়ে বারবার হিংসার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, অথচ উপযুক্ত বিচার মিলছে না।
স্তব্ধ শিয়ালদহ–লালগোলা শাখা (Beldanga Protest)
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিয়ালদহ–লালগোলা শাখার মহেশপুর স্টেশনের কাছে রেললাইনে বসে পড়েন বিক্ষুব্ধ জনতা। লাইনের উপর ফেলে দেওয়া হয় বাঁশ ও অন্যান্য সামগ্রী। ফলে একের পর এক লোকাল ও এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীরা। অনেকেই আতঙ্কে, অনিশ্চয়তায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের মধ্যেই আটকে থাকেন।
জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ (Beldanga Protest)
রেল অবরোধের পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা। রাস্তার উপর একের পর এক টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। জাতীয় সড়কে পণ্যবাহী ট্রাক, বাস, অ্যাম্বুল্যান্স-সহ অসংখ্য যানবাহন আটকে পড়ে। কার্যত অচল হয়ে যায় গোটা যোগাযোগ ব্যবস্থা।
পুলিশের সঙ্গে বচসা, উত্তেজনা চরমে (Beldanga Protest)
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়, পরিস্থিতি ধীরে ধীরে ধুন্ধুমারে রূপ নেয়। এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অধীররঞ্জন চৌধুরীর ঘটনাস্থলে উপস্থিতি (Beldanga Protest)
অশান্তির খবর পেয়েই বেলডাঙায় ছুটে যান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি মৃত আলাউদ্দিন শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান (Beldanga Protest)
বেলডাঙার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনি বলেন, “বাংলার মুসলমান সম্প্রদায়ের বহু পুরুষ মানুষ রোজগারের জন্য ভিন্রাজ্যে যাচ্ছেন। সেখানে যেভাবে তাঁদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আলাউদ্দিন শেখের হত্যার প্রতিবাদেই বেলডাঙায় এই অবরোধ। আমি বলব, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। প্রশাসনের কাছে আবেদন, মুর্শিদাবাদের একের পর এক ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিন। নইলে জনরোষ রাস্তায় নেমে এলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে।”
আরও পড়ুন: Indo US : “পুরুষ কি গর্ভবতী হতে পারে?” প্রশ্নেই ভাইরাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক
যাত্রীদের ভোগান্তি ও আতঙ্ক
দীর্ঘ সময় ধরে রেল ও সড়ক অবরোধ চলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অফিসযাত্রী, পরীক্ষার্থী, অসুস্থ রোগী সবাই পড়েন চরম দুর্ভোগে। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।



