Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার রাত থেকেই সিনেদুনিয়ার অন্দরমহলে প্রবল আলোড়ন (Arijit Singh Salman Khan)। প্লেব্যাক সম্রাট অরিজিৎ সিং আচমকাই জানিয়ে দিয়েছেন, আর নতুন করে সিনেমার জন্য গান গাওয়ার দায়িত্ব তিনি নেবেন না। ‘আলবিদা’ ঘোষণার পর থেকেই যেন শূন্যতা গ্রাস করেছে বলিউডের সঙ্গীত সাম্রাজ্যকে। রোম্যান্স, বিচ্ছেদ, মান-অভিমান রুপোলি পর্দার আবেগের প্রতিটি স্তরে যাঁর কণ্ঠ ছিল অবিচ্ছেদ্য, সেই অরিজিৎ সিংয়ের বিদায় যেন সিনেমার সঙ্গীতভুবনে এক দীর্ঘশ্বাস।

শেষ প্লেব্যাকের দিকে ‘পাখির চোখ’ (Arijit Singh Salman Khan)
অবসর ঘোষণার প্রাক্কালে অরিজিৎ সিংয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত গান সলমন খানের ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ‘মাতৃভূমি’। দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ভরপুর এই গানটিকে ঘিরেই আপাতত জল্পনার কেন্দ্রবিন্দু এটাই কি অরিজিতের শেষ প্লেব্যাক? যদিও বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ ছবিতেও সম্প্রতি তাঁর গাওয়া একটি গান প্রকাশ্যে এসেছে, তবু সিনেমহলের একাংশের অনুমান সলমন খানের ছবির গানটিই হয়তো অরিজিৎ সিংয়ের শেষ বড় পর্দার প্লেব্যাক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
‘দাসবৃত্তি’ ছেড়ে নিজের শিকড়ে ফেরার ইঙ্গিত (Arijit Singh Salman Khan)
মঙ্গলবারের ঘোষণায় অরিজিৎ স্পষ্ট করে দিয়েছেন আগে থেকে প্রতিশ্রুত কিছু কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি চলতি বছর সম্পন্ন করবেন তিনি। তবে এরপর আর নতুন কোনও সিনেমার গান গ্রহণ করবেন না। এই ঘোষণার মধ্যেই ইঙ্গিত মিলছে, প্রযোজকনির্ভর প্লেব্যাক জগতের গণ্ডি পেরিয়ে এবার তিনি নিজস্ব সৃষ্টিশীলতায়, নিজের শিকড়ে ফিরে যাওয়ার পথে হাঁটতে চান। সিনেদুনিয়ার ‘অ্যাসাইনমেন্ট’-এর বদলে হয়তো সামনে আসবে স্বাধীন সংগীত, লাইভ পারফরম্যান্স কিংবা সম্পূর্ণ ব্যক্তিগত শিল্পভাবনার নতুন অধ্যায়।

অতীতের ছায়া ফের চর্চায় (Arijit Singh Salman Khan)
অরিজিতের বিদায় ঘোষণার পর ফের আলোচনায় উঠে এসেছে তাঁর কেরিয়ারের সবচেয়ে বিতর্কিত অধ্যায় সলমন খানের সঙ্গে দীর্ঘ ৯ বছরের মনোমালিন্য। একসময় এমন ভবিষ্যদ্বাণীও করা হয়েছিল, ভাইজানের রোষানলে পড়ে অরিজিৎ সিংয়ের কেরিয়ার হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। লাইমলাইটের আড়ালেই নীরবে দেশের এক নম্বর গায়ক হয়ে উঠেছিলেন অরিজিৎ। তবু সেই বিবাদের ক্ষত থেকে যায়।
যে সন্ধ্যা বদলে দিয়েছিল সম্পর্কের সমীকরণ (Arijit Singh Salman Khan)
ঘটনাটি ২০১৪ সালের। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সলমন খান ও রীতেশ দেশমুখ। তখন কেরিয়ারের শুরুতে থাকা অরিজিৎ সিং কলকাতায় টানা ১২-১৩ ঘণ্টা কাজ সেরে, হোটেলে না গিয়েই সোজা মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির হন। ক্লান্ত শরীর, পরনে চপ্পল আর ক্যাজুয়াল পোশাক। মঞ্চে পুরস্কার নিতে উঠতেই সলমনের ঠাট্টা, “তুই বিজেতা? ঘুমিয়ে পড়েছিলি নাকি?” ক্লান্তি আর অস্বস্তির মুহূর্তে অরিজিতের জবাব, “আরে, আপনারাই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন…” এই এক লাইনের উত্তরই তৈরি করেছিল দূরত্ব। এরপর ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ছবিতে জায়গা হয়নি অরিজিতের কণ্ঠের।
অসমাপ্ত ইচ্ছেপূরণ (Arijit Singh Salman Khan)
বিবাদের পর খোলা চিঠিতে সলমন খানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। সেখানেই লিখেছিলেন তাঁর অন্তরের ইচ্ছা “আমার গানের লাইব্রেরিতে আপনার সিনেমার অন্তত একটা গান রেখেই আমি অবসর নিতে চাই।” দীর্ঘদিন সেই ইচ্ছে অপূর্ণই ছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে হঠাৎই অরিজিতের গাড়ি ঢোকে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। শোনা যায়, সেদিন সামনাসামনি কথা বলেই মিটে যায় সব মান-অভিমান। তারই ফল ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ‘মাতৃভূমি’।
আরও পড়ুন: Kolkata Metro: সাতসকালে ফের ব্লু লাইন মেট্রো পরিষেবায় হোঁচট
জল্পনার পারদ চড়ছে
এরই মধ্যে নতুন কানাঘুষো অরিজিতের প্লেব্যাক বিদায়ের সফরে তাঁর সঙ্গী হতে পারেন শাহরুখ খান। গত বছর থেকেই ‘কিং’ ছবিতে অরিজিৎ সিংয়ের গান গাওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। যদি সেই গুঞ্জন সত্যি হয়, তবে ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর পর আরও একবার সিনেমার পর্দায় শিল্পীর কণ্ঠ শোনার সুযোগ পেতে পারেন অনুরাগীরা।



