Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এক (Colombia Plane Crash) মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে থমকে গেল বহু প্রাণ। ভেনেজুয়েলা সীমান্তের কাছাকাছি পাহাড়ি এলাকায় যাত্রীবাহী একটি ছোট বিমান ভেঙে পড়ে, যাতে থাকা ১৫ জন আরোহীর কেউই আর বেঁচে নেই। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সংসদের এক গুরুত্বপূর্ণ সদস্য ও মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ দিওজেনেস কুইনতেরো। এই দুর্ঘটনা গোটা কলম্বিয়াকে গভীর শোকের আবহে ঢেকে দিয়েছে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন (Colombia Plane Crash)
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার পরিচালিত (Colombia Plane Crash) বিচক্র্যাফট ১৯০০ মডেলের এই উড়োজাহাজটি কুকুতা শহর থেকে ওকানা অভিমুখে রওনা দিয়েছিল। সাধারণত এই স্বল্প দূরত্বের যাত্রায় সময় লাগে মিনিট চল্লিশেক। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। পরে একটি দুর্গম গ্রামীণ এলাকায় ধ্বংসস্তূপের সন্ধান মেলে উদ্ধারকারী দলের।

সরকারি সূত্রে নিশ্চিত (Colombia Plane Crash)
সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে, বিমানে থাকা যাত্রী ও ক্রু-কেউই দুর্ঘটনা থেকে রক্ষা পাননি। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা যখন পরিস্থিতি মূল্যায়ন করেন, তখন আর কিছুই করার ছিল না। নিহতদের মধ্যে আরও ছিলেন কুইনতেরোর সহযোগী নাতালিয়া অ্যাকোস্টা এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের এক প্রার্থী কার্লোস সালসেদো।
আরও পড়ুন: Rupee Hits Record Low: ইতিহাসের সর্বনিম্নে রুপি, ডলারের মুখে আরও দুর্বল ভারতীয় মুদ্রা
অপূরণীয় ক্ষতি
দিওজেনেস কুইনতেরো কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। মানবাধিকার রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণ শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকে।


