Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক কেন্দ্রীয় নেতার সফরে রাজনৈতিকভাবে উত্তাল পশ্চিমবঙ্গ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সফরের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই কলকাতায় পা রাখছেন তিনি। এক মাসের মধ্যে তাঁর দ্বিতীয় সফর নিঃসন্দেহে ইঙ্গিতবাহী এবার বিজেপির লক্ষ্য জনসভা নয়, পুরোপুরি সাংগঠনিক পুনর্গঠন।

জনসভা নয়, কর্মী বৈঠকেই জোর বিজেপির (Amit Shah)
এবারের সফরে কোনও প্রকাশ্য জনসভা নেই। পরীক্ষার মরশুমে রাজনৈতিক উত্তাপ না বাড়িয়ে দলের কর্মী ও নেতৃত্বকে চাঙ্গা করাই মূল লক্ষ্য। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য, জেলা ও বুথ স্তরের সংগঠনের মধ্যে সমন্বয় ফেরানো, নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনের প্রস্তুতি শুরু করতেই শাহের এই সফর।
কলকাতায় কোর কমিটির বৈঠক (Amit Shah)
শুক্রবার রাত ৮টা ০৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার পর অমিত শাহ নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটির বৈঠকে বসবেন। রাত ৯টা থেকে শুরু হওয়া এই বৈঠকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ২৯৪টি বিধানসভা আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা, নেতৃত্বের দায়িত্ব বণ্টন এবং নির্বাচনী কমিটি গঠনের বিষয়েও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বারাকপুর ও শিলিগুড়িতে কর্মী সম্মেলন (Amit Shah)
শনিবার সকালে বারাসতের কর্মী সম্মেলন হবে বারাকপুরের আনন্দপুরী মাঠে। এই সম্মেলন থেকে দলের কর্মীদের উদ্দেশে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেবেন অমিত শাহ। এরপর দুপুরে বিশেষ বিমানে বাগডোগরা পৌঁছে বিকেল সাড়ে তিনটেয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে উত্তরবঙ্গের কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের শীর্ষ নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকেরও কথা রয়েছে।

ইস্তাহার কমিটি ও প্রতিশ্রুতির রূপরেখা (Amit Shah)
এর মধ্যেই বঙ্গ বিজেপির ইস্তাহার কমিটি গঠন হয়েছে প্রাক্তন বিধায়ক তাপস রায়কে চেয়ারম্যান করে। সেই কমিটির বৈঠকও আজ রয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, দলের নির্বাচনী ইস্তাহারে কী কী বিষয় থাকবে, মানুষের কাছে কোন প্রতিশ্রুতি তুলে ধরা হবে—তার চূড়ান্ত রূপরেখা অমিত শাহ নিজেই ঠিক করে দেবেন কোর কমিটির বৈঠকে।
প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা (Amit Shah)
শাহের সফর ঘিরে প্রশাসনও তৎপর। বৃহস্পতিবার বারাকপুরের আনন্দপুরী মাঠ পরিদর্শন করেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা ও প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কোনও রকম ঝুঁকি না রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে নিরাপত্তায়।

আরও পড়ুন: Kolkata Book Fair: বাইরে বসে স্রষ্টারা! শিল্পী ছাড়া আদৌ সম্পূর্ণ হয় বইমেলা?
বুথস্তর পর্যন্ত সংগঠন চাঙ্গা করাই লক্ষ্য
ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই সংগঠনের ভিত শক্ত করতে চাইছে বিজেপি। রাজ্য থেকে জেলা, মণ্ডল হয়ে বুথস্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় ফেরানো, দায়িত্ব বণ্টন এবং প্রচারের ভাষ্য ঠিক করাই এই সফরের মূল উদ্দেশ্য। কলকাতায় থাকার সময় অমিত শাহ রাজ্যের একাধিক নেতার সঙ্গে আলাদা বৈঠকও করতে পারেন বলে রাজনৈতিক সূত্রের খবর।



