Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রের বাজেট ঘোষণার (WB Budget 2026) রেশ কাটতে না কাটতেই এ বার রাজ্য বাজেটের দিকে তাকিয়ে রাজ্যবাসী। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ বাজেট, ফলে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক গুরুত্ব আলাদা করে বেড়েছে। আজ বিধানসভায় পেশ হচ্ছে ‘ভোট অন অ্যাকাউন্ট’। দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণ দেবেন। নির্বাচন আসন্ন থাকায় পূর্ণাঙ্গ বাজেট নয়, আপাতত প্রশাসনিক খরচ ও প্রকল্প চালু রাখার জন্যই এই ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হচ্ছে।
কেন্দ্রের বাজেট ‘ভিত্তিহীন’ (WB Budget 2026)
কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর তৃণমূল নেতৃত্বের (WB Budget 2026) কড়া প্রতিক্রিয়া এখনও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সকলেই কেন্দ্রের বাজেটকে ‘ভিত্তিহীন’ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি অভিযোগ উঠেছে, এই বাজেট বাংলার স্বার্থবিরোধী। সেই আবহেই রাজ্য সরকারের বাজেট নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।

সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়বে? (WB Budget 2026)
ভোটের আগে রাজ্য বাজেটে সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘিরে জল্পনা তুঙ্গে। মহিলা ভোটারদের মধ্যে এই প্রকল্পের প্রভাব যে কতটা গুরুত্বপূর্ণ, তা অতীতে প্রমাণিত। একুশের বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালু করে রাজনৈতিকভাবে বড় সাফল্য পেয়েছিল তৃণমূল। পরে লোকসভা ভোটের মুখে অর্থের পরিমাণও বাড়ানো হয়েছিল। চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা। এ বার সেই অঙ্ক আরও বাড়ে কি না, সেদিকেই নজর।
আরও পড়ুন: Big Boss Bangla: অপেক্ষার অবসান, ‘বিগ বস বাংলা’-র মঞ্চে সৌরভ
এ ছাড়াও সরকারি কর্মচারীদের ডিএ, আশা কর্মীদের দাবি, সিভিক ভলান্টিয়ারদের ভাতা-একাধিক বিষয় বাজেটের সঙ্গে সরাসরি যুক্ত। আজই সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণা হয়েছে, যা রাজ্য বাজেটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, ভোটের আগে এই ভোট অন অ্যাকাউন্টে কোন কোন মহলের জন্য কী বার্তা দেয় রাজ্য সরকার, সেটাই এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু।


