Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে বিরাট কোহলিরা (Virat Kohli)।
বিপক্ষকে বিরাট সতর্কবার্তা (Virat Kohli)
এই সিংহাসন তিনি উত্তরাধিকার সূত্রে পাননি। রীতিমতো লড়াই করে বিপক্ষকে পরাস্ত করে অর্জন করেছেন এই সিংহাসন। সেই কারণে নিজের রাজত্ব ধরে রাখতে কোনও কার্পণ্য করেননি বিরাট কোহলি। যখনই তিনি মাঠে নেমেছেন সমর্থকরা তাঁকে ভরিয়ে দিয়েছেন আবেগ ও ভালবাসায়। চিকু থেকে সেরা চেজ মাস্টার হিসেবে বিরাটের এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। আর সেই পথ অতিক্রম করতে তাঁর আত্মত্যাগ এবং পরিশ্রম এখন তরুণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা (Virat Kohli)।
আন্তর্জাতিক মঞ্চে তিনি সফলতার শীর্ষে থেকেও আইপিএল-এর খেতাব জয় কিছুতেই হচ্ছিল না। কিন্তু তিনিও দমবার পাত্র না। প্রতিটা আইপিএল-এর মরশুমে একের পর এক সেরা ইনিংস খেলেছেন। কোনও মরশুমে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সগ্রাহক কিন্তু ওই ট্রফি তাঁর নাগালের বাইরে। অবশেষে এলো ২০২৫, বিরাটদের হাতে উঠলো বহুল কাঙ্খিত সেই ট্রফি। আর এই মরশুমে সেই ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ। কিন্তু বিরাট মানেই চ্যালেঞ্জের আরেক নাম। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে নিজের ফর্মে থাকার ইঙ্গিত দিয়ে রাখলেন কিং কোহলি।

ভারতের হয়ে শেষ কয়েকটি ওয়ানডে সিরিজে তিনি রয়েছেন তাঁর অন্যতম সেরা ফর্মে। আর এবার আইপিএল-এর আগেও সেই সতর্কবার্তা দিয়ে রাখলেন বিপক্ষকে। নিজেদের মধ্যে একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলে বেঙ্গালুরু। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন কোহলি। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে এই মরশুম বিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন তিনি (Virat Kohli)।
বুধবার দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচের পর নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয় দলের পক্ষ থেকে। সেখানে কোহলির এই ফর্মের প্রশংসা করতে শোনা যায় বেঙ্গালুরু দলের মেন্টর দীনেশ কার্তিককে। তিনি বলেন, ‘ভাল ম্যাচ হয়েছে। বিরাট আবার নিজের ক্লাসের পরিচয় দিয়েছে। কয়েকটা দারুণ শট খেলেছে। ওর সেরা দিক হল, প্রত্যেক বছর কিছু নতুন পরিকল্পনা নিয়ে শুরু করে। নতুন লক্ষ্য সেট করে ফেলে। এবার কী করতে চায় সেটা শুরুতেই বোঝা যাচ্ছে। আমার মনে হয়, এবছর ও আরও ভাল করার চেষ্টা করবে। এটাই ওর সম্বন্ধে অনেক কিছু বলে দিচ্ছে। সবসময় নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকে। মিটিংয়ে ইতিবাচক বার্তা দেয়। এনার্জিতে ভরপুর। এগুলো বড় বিষয়। এটাই ওর চরিত্রের একটা বড় অংশ।’

আরও পড়ুন: Energy Lockdown: দেশজুড়ে লকডাউন! যুদ্ধের জেরে এই অবস্থা?
নতুন মরশুমে বিরাটের মনোভাব স্পষ্ট। নিজের অভিজ্ঞতা এবং বর্তমানের ফর্মের উপর ভিত্তি করে খেতাব হডোরে রাখার লড়াইয়ে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন সেটা স্পষ্ট। এর আগে সোমবার প্রথম ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলে বেঙ্গালুরু। সেই ম্যাচে ৩৭ বলে ৮১ রান করেন জীতেশ শর্মা। ২৫ বলে ৭৫ রান করেন রজত পতিদার। ১২ বলে ২৯ রান করেছিলেন কোহলি। এখন দেখার সমর্থকদের আবার ট্রফি জয়ের আশা পূর্ণ হয় কিনা (Virat Kohli)।


