Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক অন্দরে জোর চর্চা শুরু হয়েছে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা- (Raghav Chadha) কে ঘিরে। তাঁকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। দলীয় তরফে রাজ্যসভায় পাঠানো চিঠিতে জানানো হয়েছে, তাঁর জায়গায় নতুন উপনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হবে অশোক মিত্তল-কে।
বক্তব্য রাখার সময় বরাদ্দ নেই (Raghav Chadha)
শুধু পদ থেকে সরানোই নয়, চাড্ডার জন্য (Raghav Chadha) আর কোনও বক্তব্য রাখার সময়ও বরাদ্দ না করার অনুরোধ জানানো হয়েছে দলীয়ভাবে। এই পদক্ষেপকে রাজনৈতিক মহল বড় ধাক্কা হিসেবেই দেখছে। কারণ, সাম্প্রতিক সময়ে সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

বেড়েছিল গ্রহণযোগ্যতা (Raghav Chadha)
গিগ কর্মীদের অধিকার থেকে শুরু করে সাধারণ মানুষের নানা সমস্যা-বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি টেলিকম সংস্থাগুলির রিচার্জ সংক্রান্ত অভিযোগ নিয়েও তিনি সরব হয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে, যেসব বিষয় তিনি সামনে এনেছেন, সেগুলিতে দ্রুত পদক্ষেপ করতে দেখা গিয়েছে সরকারকে। ফলে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়েছিল।

আরও পড়ুন: Suvendu Adhikari Nomination: মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, মমতাকে ঘরে ঢুকে হারানোর হুঁশিয়ারি শাহের!
তবে এই জনপ্রিয়তার মধ্যেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন কোনও যোগাযোগ নেই বলেই শোনা যাচ্ছে। এমনকি দলনেতা অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গে দেখা করেননি চাড্ডা। সামাজিক মাধ্যমেও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে সামনে পাঞ্জাব ও গুজরাটের গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই প্রস্তুতিতেও তাঁকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, খুব শিগগিরই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এই জল্পনার মাঝেই তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে দল।


