Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে নির্বাচনী আবহের মধ্যেই ফের পুলিশ বাহিনীর ওপর কোপ বসল নির্বাচন কমিশনের(EC)। এবার সরাসরি সাসপেন্ড করা হলো কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে। দক্ষিণ কলকাতার ‘কুখ্যাত’ নাম বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে আড়াল করা এবং অপরাধীদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এই পুলিশকর্তার বিরুদ্ধে।
অভিযোগের তির ওসির দিকে(EC)
নির্বাচন কমিশন সূত্রে খবর, ওসির বিরুদ্ধে মূল অভিযোগ হলো তিনি ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের তথ্য গোপন করেছেন। বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি পরিকল্পিতভাবে অপরাধীদের তালিকা থেকে সোনা পাপ্পুর নাম মুছে দিয়েছিলেন। নির্বাচনের আগে যেখানে আইন-শৃঙ্খলা বজায় রাখা কমিশনের অগ্রাধিকার, সেখানে পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় কড়া পদক্ষেপ নিল কমিশন(EC)।
কে এই সোনা পাপ্পু?(EC)
দক্ষিণ কলকাতার প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। তবে তার আসল পরিচিতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তার বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, নির্মাণকাজের নাম করে কোটি কোটি টাকা সাধারণ মানুষের থেকে তুলে তা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন তিনি। সম্প্রতি গোলপার্কের কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চালানোর ঘটনাতেও মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল তার নাম।

ইডির নজরে সোনা পাপ্পু
সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বুধবার বালিগঞ্জের ফার্ন রোডে তার বিলাসবহুল বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় চার দিন আগে হওয়া সেই অভিযানে সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পাশাপাশি তার এক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এই বিপুল অর্থের উৎস কী, তা জানতেই আগামী ৮ এপ্রিল তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি।


