Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটগ্রহণ শেষ হলেই যে ভোটকর্মীদের কাজ শেষ হয়ে যায় না তা ফের মনে করিয়ে দিল নির্বাচন কমিশন(Vote Notice)। প্রথম দফার ভোটের অভিজ্ঞতার নিরিখে রিটার্নিং অফিসার, বিএলও সহ ভোটার অ্যাসিস্ট্যান্স বুথের কর্মী এবং সংশ্লিষ্ট পুলিশকর্মী থেকে সেক্টর অফিসারদের দায়িত্ব নির্দিষ্ট করে জেলায় জেলায় সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নির্দিষ্ট মর্মে নির্দেশিকা পাঠালো সিইও দফতর।
নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য (Vote Notice)
নির্দেশিকায় ভোটগ্রহণ শেষে ইভিএম ( ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট ও ভিভিপ্যাট) সহ সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের যথাযথ নিরাপত্তা সহ রিসিভিং সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বসহ বুথে লাগানো ওয়েবক্যাম যথাযথভাবে খুলে তা নির্দিষ্ট জায়গায় জমা দেওয়ার দায়িত্ব ও কর্তব্যও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
জেলায় জেলায় নির্দেশ
নির্দেশিকা অনুযায়ী, ভোট শেষে ইভিএম যথাযথ নিরাপত্তায় ভোটের বুথ থেকে রিসিভিং সেন্টার পর্যন্ত পাঠানোর দ্রুত ব্যবস্থা করতে হবে রিটার্নিং অফিসারকে। প্রথম দফার ভোটের শেষে এই ধরনের ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু বুথে অব্যবস্থা তৈরি হয়েছিল। বহু পোলিং পার্টি গভীর রাতে রিসিভিং সেন্টারে পৌঁছেছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেব্যাপারে রিটার্নিং অফিসারকে সতর্ক থেকে যাবতীয় দায়িত্ব পালন করতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছেন অতিরিক্ত সিইও।
ওয়েবক্যামের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব (Vote Notice)
পোলিং পার্টি বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ওই বুথের বিএলও এবং ভোটার অ্যাসিস্ট্যান্স বুথের কর্মী সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বুথ তদারকির দায়িত্বে থাকতে হবে। যেহেতু প্রতিটি বুথে ওয়েবক্যাম লাগানো রয়েছে এবং তার যাবতীয় তথ্য সংরক্ষিত করে রাখতে হয়, সেকারণে ওয়েবক্যাম গুলির নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ভোটগ্রহণ শেষের পর যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সেক্টর অফিসার বুথে না যাচ্ছেন ততক্ষণ ওয়েবক্যাম সহ বুধের যাবতীয় সামগ্রীর নিরাপত্তা ও তদারকির দায়িত্ব নিতে হবে বিএলও এবং তার সহকর্মীদের।
BLO ও তার সহকর্মীদের বাড়তি দায়িত্ব
সাধারণ নিয়ম অনুযায়ী একটি বুথের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তবে ভোট শেষের পর ইভিএম সহ ভোটকর্মীরা রিসিভিং সেন্টারের দিকে যখন যাত্রা করেন তখন তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী বুথে না থাকায় বিএলও এবং তাঁর সহকর্মীদের এই বাড়তি দায়িত্ব নিতে হবে।
নির্দেশ অমান্য হলে আইনানুগ ব্যবস্থা (Vote Notice)
তৃতীয়ত, ওয়েব কাস্টিং ক্যামেরা সেক্টর অফিসারের উপস্থিতিতে বুথ থেকে খোলা হবে বলে নির্দেশিকায় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। ওয়েবক্যামগুলি খোলার পর সেক্টর অফিসার নিজে ওয়েবক্যামগুলিকে সঙ্গে করে নিয়ে গিয়ে রিসিভিং সেন্টারে জমা দেবেন এমনটাই উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট নির্দেশিকায়। এই নির্দেশ অমান্য হলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Orissa Skeleton: দিদি মৃত, প্রমাণ করতে কঙ্কাল কাঁধে ব্যাঙ্কে ভাই!
ওয়েবক্যামই মূল ভরসা (Vote Notice)
ওয়েব কাস্টিং ক্যামেরার সংরক্ষিত ফুটেজ আদালত গ্রাহ্য। একটি বুথে দিনভর ভোটগ্রহণ চলাকালীন বুথের ভিতর কি কি ঘটনা ঘটেছে তার প্রামাণ্য তথ্য বা নথি হিসেবে ওই ফুটেজকে মান্যতা দেয় আদালত। ভবিষ্যতে যদি ভোটগ্রহণ সংক্রান্ত কোনও মামলা হয় বা ইলেকশন পিটিশন আদালতে জমা পড়ে তাহলে ওই ফুটেজ কাজে লাগাতে পারে নির্বাচন কমিশন। তাছাড়া পুনর্নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে গেলেও ওয়েবক্যামই মূল ভরসা। সেকারণে ওয়েবক্যামগুলির নিরাপত্তা এবং সেগুলি যথাযথ সংরক্ষণে অতিরিক্ত সতর্ক নির্বাচন কমিশন।



