Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারের ট্রেডিংয়ে ব্যাপক পতনের মুখে পড়ল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
পতনের খাদে স্টক মার্কেট (Sensex and Nifty50)
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন মোটেও সুখের হল না লগ্নিকারীদের। শুরুটা কিছুটা আশা জাগালেও শেষে মুখ থুবড়ে পড়ে দালাল স্ট্রিট। জুনের প্রথম দিন মার্কেট ওপেন হয়েছিল পজিটিভ তবে বেলা যত বাড়তে থাকে ততই ছবি পাল্টে যেতে থাকে। সবুজ গ্রাফ লাল হতে সময় নেয়নি। শেষবেলায় হুড়মুড়িয়ে পড়ে দুই ইনডেক্স (Sensex and Nifty50)।
সোমবার বাজার বন্ধের পরে শেষ করেছে সেনসেক্স ৭৪,২৬৭ পয়েন্টে। শেষ ক্লোজিংয়ের তুলনায় পয়েন্ট কমেছে ৫০৮ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ। অন্যদিকে নিফটি৫০ ১৬৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩,৩৮২ পয়েন্ট। এই পতনের জেরে ধাক্কা খেয়েছে মার্কেট ক্যাপিটাল। এর জেরে ক্ষতি হয়েছে ৪.২৬ লক্ষ কোটি টাকা।
বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি সোমবারের ট্রেডিংয়ে ধাক্কা খেয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সগুলির। নিফটি মিড ক্যাপ ১০০ কমেছে ১.৪৫ শতাংশ এবং নিফটি স্মল ক্যাপ কমেছে ২৫০ কমেছে ০.৮৮ শতাংশ। ডাউন রয়েছে আইটি, মিডিয়া এবং মেটাল বাদ দিয়ে বাকি সমস্ত স্টক।
এই দিন সেনসেক্স লিস্টেড স্টকগুলির মধ্যে ৩ শতাংশের বেশি কমেছে আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভারের মতো সংস্থার। ২ শতাংশের বেশি কমেছে এনটিপিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ট্রেন্ট, আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিনান্সের শেয়ার দর। এই পতনের পিছনে একাধিক কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা (Sensex and Nifty50)।
১) ইরান-আমেরিকা সংঘাত নিয়ে আশঙ্কা তীব্র হচ্ছে
পশ্চিম এশিয়ায় ইরান এবং আমেরিকার সংঘাত কিছুদিন বন্ধ থাকলেও আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে মার্কেটে। শান্তি আলোচনা কার্যত থমকে যাওয়ায় এই পতনের মধ্যে পড়তে হয়েছে মার্কেটকে। দুই দেশই পাল্টা আক্রমণের কথা জানিয়েছে। এই আবহে লগ্নিকারীদের মধ্যে আবার নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করেছে আর এর সরাসরি প্রভাবে দালাল স্ট্রিটের এই পতন।
২) অপরিশোধিত তেলের দাম
পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪ ডলারে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড়সড় ধাক্কা লাগতে পারে। যা যথেষ্ট উদ্বেগের।
৩) বিদেশি লগ্নিকারীদের বেরিয়ে যাওয়া
বিদেশি লগ্নিকারীরা সোমবারও ভারতীয় বাজার থেকে বড় অঙ্কের বিক্রি চালিয়ে গিয়েছে। একদিনে প্রায় ২১,১০৫.৮৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি লগ্নিকারীরা। সিঙ্গেল ডে সেলিংও ছিল এই দিন মারাত্মক আর তার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি মার্কেট (Sensex and Nifty50)।


