Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: এনআইএ হেফাজত থেকে আদালতে (Saokat Molla) নিয়ে যাওয়ার পথে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। মঙ্গলবার তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে জোরালো শব্দে উঠতে থাকে ‘মাছ চোর’, ‘খাল চোর’ স্লোগান।
চার্জশিট পেশ (Saokat Molla)
ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় (Saokat Molla) গত ৫ জুন সওকতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকালই এই ঘটনার ঠিক ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করেছে এনআইএ, যেখানে সওকত মোল্লাকেই এই বিস্ফোরণকাণ্ডের মূল চক্রান্তকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গাড়ি লক্ষ্য করে ডিম (Saokat Molla)
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার এই দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন তৃণমূল নেতাকে যখন আদালত চত্বরে আনা হচ্ছিল, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনতার একটি বড় অংশ তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে।
চার্জশিটে দাবি NIA-র
অন্যদিকে, ভাঙড় বিস্ফোরণ মামলায় তদন্তের গতি বাড়িয়ে গতকালই আদালতে চার্জশিট পেশ করেছে এনআইএ। তদন্তকারীদের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাঙড়ে যখন বড়সড় নাশকতার উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল, তখনই সেই বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় একজন মারাও যান।
এনআইএ আদালতে স্পষ্ট জানিয়েছে, ধৃত চারজনের মধ্যে সওকত মোল্লাই ছিলেন মূল চক্রান্তকারী। তাঁর নির্দেশেই সেখানে বোমা তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, বিস্ফোরণ ঘটে যাওয়ার পর পরিস্থিতি ধামাচাপা দিতে এবং এলাকা সামাল দিতে সওকতের মোবাইল ফোন থেকে একাধিক নির্দেশ পাঠানো হয়েছিল। সোনারপুরের কামালগাজি এলাকা থেকে সওকতকে গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন ঘেঁটে এই সংক্রান্ত সমস্ত ডিজিটাল তথ্যপ্রমাণ হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


