Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে সমস্ত রাজ্য সরকারের কর্মীদের যোগদান বাধ্যতামূলকের সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে নির্দেশ দিলেন, যোগদান বাধ্যতামূলক নাকি নয়, এই নিয়ে রাজ্যকে শুক্রবার তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে হবে(World Yoga Day)।
যোগ দিবসে সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ (World Yoga Day)
২১ জুন ভোরে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করার সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী সমস্ত কর্মীদের যোগ দিবসে যোগ দেওয়া জন্য পোর্টালে নাম রেজিস্ট্রেশনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করে সরকারি কর্মচারীদের এই বামপন্থী সংগঠনটি।
শুক্রবার সেই মামলায় শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘যোগ দিবসের মত একটি কর্মসূচিতে সরকারি কর্মচারীদের যোগদান সম্পূর্ণ ‘স্বেচ্ছায়’ করার অনুমতি দেওয়া হোক। জোরকরে বা বাধ্যতামূলকভাবে এই ধরণের কর্মসূচিতে উপস্থিত থাকতে বাধ্য করা সরকারি নিয়মের পরিপন্থী। কারণ, রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের ক্রীতদাস নয়। যোগ ব্যায়াম বা শরীরচর্চা অত্যন্ত ইতিবাচক বিষয় হলেও, এভাবে সরকারি ফতোয়া জারি করে বাধ্যতামূলক করা যায় না। বিশেষ করে ছুটির দিনে কর্মীদের এভাবে নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করা তাঁদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল। যাদের ইচ্ছা হবে আসবেন, যাদের ইচ্ছা হবে না আসবে না। এতে অসুবিধা কোথায়!’
যদিও রাজ্যের আইনজীবী তথা অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে মৌখিকভাবে জানান রবিবার সকালে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের যোগ দিবসে যোগ দিতে সরকার অনুরোধ করেছে। এটাকে কোনও ভাবেই বাধ্যতামূলক বলা হয়নি। এএজি বলেন, ‘এবারে বিশ্ব যোগ দিবসের প্রধান আয়োজক ভারত। অনুষ্ঠান এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতাই হল এবারের বিশ্ব যোগ দিবসের এপি সেন্টার। খোদ প্রধানমন্ত্রী আসবেন। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসবেন। তাছাড়া যোগা স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপযোগী। তাই সরকার সমস্ত স্থায়ী অস্থায়ী রাজ্য সরকারি কর্মীদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে যোগ দেওয়া বাধ্যতামূলক একেবারেই নয়।’
তখন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য বলেন, ‘ পোর্টালে নাম রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কর্মচারীদের। এর থেকেই বোঝা যাচ্ছে এটা বাধ্যতামূলক। রাজ্য বলে দিক যে যোগদান বাধ্যতামূলক নয়, তাহলে আমাদের কোনও অসুবিধা নেই(World Yoga Day)।’
আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোই প্রশ্ন আবার তিনিই উত্তর?
সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার রাজ্যকে এ ব্যাপারে তাদের নির্দিষ্ট অবস্থান আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন(World Yoga Day)। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।



