Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা বর্ষণের জেরে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়ি (Sikkim Disaster) এলাকার যোগাযোগ ব্যবস্থা। একাধিক স্থানে ধস নামায় সিকিম ও শিলিগুড়ির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পাহাড়ের গায়ে ঝুলে থাকা আলগা পাথর ও ধসের ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত রাস্তা সচল করতে বৃহস্পতিবার ভোর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
গাড়ির প্রবেশ আপাতত নিষিদ্ধ (Sikkim Disaster)
‘ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট (Sikkim Disaster) কর্পোরেশন লিমিটেড’-এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে রাস্তা পরিষ্কার ও সংস্কারের কাজ শুরু হয়েছে। বিশেষ করে সেভক কালীবাড়ি সংলগ্ন এলাকায় ধসের কারণে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরামতির সময় শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। অন্যান্য ছোট ও বড় সব ধরনের গাড়ির প্রবেশ আপাতত নিষিদ্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: TMC Fund: হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের, ফ্রিজই থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রুটও নির্ধারণ করা হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্ত যানবাহনকে গজলডোবা-ওদলাবাড়ি-গরুবাথান রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বর্ষাতেই উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের ঘটনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরই পুনরায় ১০ নম্বর জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু করা হবে।


