Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাজনৈতিক উত্তাপ আরও একধাপ বাড়ল (Suvendu Adhikari)। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
অভিযোগকারীর দাবি (Suvendu Adhikari)
এই অভিযোগ দায়ের করেছেন জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক অসিত মণ্ডল। তাঁর অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ক্যানিংয়ের বন্ধুমহল ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরেশ রাম দাস শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় বিধায়ক মন্তব্য করেছিলেন যে, শুভেন্দু অধিকারীর “কোমর ভেঙে দেবেন”। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে এলে তাঁকে “পোস্টের সঙ্গে বেঁধে রাখা হবে” বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের (Suvendu Adhikari)
এই ঘটনার প্রেক্ষিতে বুধবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ জমা দেন অসিত মণ্ডল। অভিযোগপত্রে তিনি দাবি করেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এ ধরনের মন্তব্য গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শালীনতার পরিপন্থী। পাশাপাশি, এই ধরনের বক্তব্য আইনশৃঙ্খলার ক্ষেত্রেও উদ্বেগের বিষয় বলে তিনি উল্লেখ করেন। অসিত মণ্ডলের বক্তব্য, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন।
অতীতেও হয়েছে হামলা ও ভাঙচুর (Suvendu Adhikari)
অভিযোগকারী আরও দাবি করেছেন, ক্যানিং এলাকায় অতীতেও একাধিক নির্বাচনের সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা, ভাঙচুর, লুটপাট এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। সেই সমস্ত ঘটনাগুলিরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং কোনও অভিযোগকেই গুরুত্বহীন বলে দেখা উচিত নয়।
বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি (Suvendu Adhikari)
এই অভিযোগের বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা গেলে সেই মতামতও প্রকাশ করা হবে।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজনৈতিক মহলে জোর চর্চা
এই ঘটনাকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিজেপির অভিযোগ, অন্যদিকে অভিযুক্ত বিধায়কের প্রতিক্রিয়া এখনও সামনে না আসায় বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, ক্যানিং থানার পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয় এবং তদন্ত কোন দিকে এগোয়।



