Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখা, এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ছুটে বেড়ানো এবং গণপরিবহণে বিপুল ভিড় (Eastern Railway)। সেই বাড়তি যাত্রীচাপ সামাল দিতে এবার বড়সড় প্রস্তুতি নিল পূর্ব রেল। বুধবার সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে পুজো ও ছটপুজো উপলক্ষে রেলের বিশেষ পরিষেবাগুলির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
১৩৫৪ স্পেশাল ট্রেন, বাড়ছে পরিষেবা (Eastern Railway)
পুজোর মরশুমে যাত্রীদের সুবিধার জন্য মোট ১ হাজার ৩৫৪টি স্পেশাল ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। গত বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে ১২.০৮ শতাংশ। এর মধ্যে দুর্গাপুজোর জন্য ৬৩৯টি এবং ছটপুজোর জন্য ৭১৫টি স্পেশাল ট্রেন থাকবে। ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন রুটে এই পরিষেবা চলবে। শুধু দিনের পরিষেবাতেই নয়, রাতেও বাড়ানো হচ্ছে ট্রেন। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে অতিরিক্ত ৬৩টি নাইট সাবার্বান সার্ভিস। শিয়ালদহ বিভাগে রাতের ট্রেন ৩১ থেকে বেড়ে ৫১টি এবং হাওড়া বিভাগে ৮ থেকে বেড়ে ১২টি করা হয়েছে।
নিরাপত্তায় জোর, বাড়ছে নজরদারি (Eastern Railway)
উৎসবের ভিড়ে নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনগুলিতে বাড়ানো হয়েছে সিসিটিভি ও আরপিএফ মোতায়েন। গত বছরের ১,৪৩৯টির পরিবর্তে এবার মোট ১,৮৮২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি আরপিএফ কর্মীর সংখ্যা ১,৫১৪ থেকে বেড়ে ১,৮২২ করা হয়েছে।
ভিড় সামলাতে হোল্ডিং এরিয়া (Eastern Railway)
বড় স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে হোল্ডিং এরিয়া। হাওড়া, শিয়ালদহ, মালদা ও আসানসোলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে মোট ১ লক্ষ ৩৯ হাজার ৩৭৭ বর্গফুট এলাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে আনরিজার্ভড টিকিট কাউন্টার ও মোবাইল টিকিটিং বুথও।
আরও পড়ুন: CJP Protest: ভারতের CJP আন্দোলনে বাংলাদেশের মদত? সারজিসের সমর্থন, বিস্ফোরক দাবি দিলীপের
চিকিৎসা থেকে কুইক রেসপন্স—সবেতেই প্রস্তুতি
হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদায় অতিরিক্ত মেডিক্যাল বুথ, ইমার্জেন্সি রুম এবং ২৪ ঘণ্টার অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখা হচ্ছে। থাকছে ডগ স্কোয়াড, লাগেজ স্ক্যানার, ফ্লাইং স্কোয়াড ও কুইক রেসপন্স টিম। সব মিলিয়ে পুজোর ভিড়ে যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই পূর্ব রেলের মূল লক্ষ্য।



