Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত ২ জুলাই পূর্ব মেদিনীপুরের শংকরপুর মৎস্য বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেন ১৬ জন মৎস্যজীবী (Shankarpur)। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। ফলে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা।

নিখোঁজ মৎস্যজীবী (Shankarpur)
নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের লোকজন বর্তমানে শংকরপুর ফিশিং হারবারে অবস্থান করছেন। প্রিয়জনদের কোনও খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। কেউ কেউ মানসিক ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি জ্ঞান হারানোর ঘটনাও ঘটছে। কয়েকদিন ধরে অনেক পরিবারের খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গেছে বলে দাবি স্বজনদের।
পরিবারের সদস্যদের বক্তব্য (Shankarpur)
এই ১৬ জনই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনকারী। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় একদিকে যেমন প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছেন তাঁরা। ইতিমধ্যেই ব্লক প্রশাসন, স্থানীয় বিধায়ক, মৎস্য দপ্তর এবং শংকরপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ ট্রলার বা মৎস্যজীবীদের সন্ধান মেলেনি বলে অভিযোগ।

শুভেন্দুর কাছে আবেদন (Shankarpur)
পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেগঘন আবেদন জানিয়ে বলেছেন, অবিলম্বে হেলিকপ্টার ও প্রয়োজনীয় আধুনিক উদ্ধার ব্যবস্থা কাজে লাগিয়ে সমুদ্রে ব্যাপক তল্লাশি চালানো হোক। পাশাপাশি নিখোঁজ মৎস্যজীবীদের দ্রুত খুঁজে বের করার দায়িত্ব সরকার যেন জরুরি ভিত্তিতে গ্রহণ করে।
আরও পড়ুন: Joka Metro: জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে ঐতিহাসিক মাইলফলক
এখন প্রিয়জনদের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবার-পরিজন। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শংকরপুর।



