Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইউরোপের মাটিতে ভারতের জয়! ফুটবলের দেশ ব্রাজিল। আর সেই দেশের দুর্ভেদ্য দুর্গ জয় করে আবারও বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে গেল ভারতীয় ফুটবলের খুদে নক্ষত্ররা। চণ্ডীগড়ের মিনার্ভা অ্যাকাডেমির (Minerva Academy) অনূর্ধ্ব-১২ দল ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘গোথিয়া কাপ’-এর ফাইনালে ব্রাজিলের শক্তিশালী প্রতিপক্ষ আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল তারা। হেলসিঙ্কি কাপ জয়ের রেশ না কাটতেই, অল্প কয়েকদিনের ব্যবধানে ইউরোপের আরও একটি বড় টুর্নামেন্টের শিরোপা জয় করে মিনার্ভার খুদে ফুটবলাররা প্রমাণ করে দিল যে, কঠোর পরিশ্রম আর নিষ্ঠা থাকলে বিশ্বজয়ের স্বপ্ন অধরা নয়।
ফাইনালে বীরত্বগাথা (Minerva Academy)
সুইডেনের মাটিতে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি ফাইনালে ম্যাচের ১০ মিনিটের মাথায় কিপগেন থাংসাংলেনের গোলে এগিয়ে যায় মিনার্ভা (Minerva Academy)। যদিও ব্রাজিলীয় দলটি সমতা ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু ৪৯ মিনিটে মেখামখরাও নংরেমের জাদুকরী ফ্রিকিক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ভারতীয় রক্ষণভাগের ইস্পাতকঠিন প্রতিরোধে ব্রাজিলের সমস্ত আক্রমণ ব্যর্থ হয় এবং রূপকথার জয় পায় মিনার্ভা।

অপ্রতিরোধ্য মিনার্ভা (Minerva Academy)
টুর্নামেন্ট জুড়ে মিনার্ভার দাপট ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট প্রতিটি ম্যাচেই তারা প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে। ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, কেনিয়া, ফ্রান্স, বলিভিয়া কিংবা ইউক্রেন যেকোনও দেশের শক্তিশালী অ্যাকাডেমির বিরুদ্ধে তারা যে আধিপত্য দেখিয়েছে, তা বিশ্ব ফুটবলের পর্যবেক্ষকদেরও অবাক করেছে। সেমিফাইনালে ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিয়েভের বিরুদ্ধে ৩-২ গোলের জয় তাদের মানসিক দৃঢ়তার পরিচয় দেয়।
আরও পড়ুন: East Bengal: কলকাতা লিগে জয়যাত্রা অব্যাহত ইস্টবেঙ্গলের
ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ দিশারী (Minerva Academy)
২০২৩ সালে প্রথম ভারতীয় দল হিসেবে গোথিয়া কাপ জিতে ইতিহাস তৈরি করেছিল মিনার্ভা। গত বছর আর্জেন্টিনার ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার পর, এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রবল চাপের মুখেও তারা যে সাফল্য ধরে রাখল, তা অবিশ্বাস্য। নরওয়ে কাপ, ডানা কাপ কিংবা মেডিটেরেনিয়ান ইন্টারন্যাশনাল কাপে লিভারপুলের মতো বিশ্ববিখ্যাত ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলকে ৬-০ গোলে হারানোর ঘটনা সব মিলিয়ে মিনার্ভা অ্যাকাডেমি বর্তমানে ভারতীয় যুব ফুটবলের প্রাণভোমরায় পরিণত হয়েছে।



