Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: বাঙালি ও ভাটিয়া সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক মন্তব্য এবং উত্তরবঙ্গ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের এক যুবনেতার বিরুদ্ধে (North Bengal)। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবনেতা সুকদেব রায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সনাতনী যুবকদের একাংশ।

বিতাড়িত করার হুমকি (North Bengal)
মঙ্গলবার রাতে ধূপগুড়ির স্টেশন শালবাড়ি এলাকার কয়েকজন সনাতনী যুবক একত্রিত হয়ে ধূপগুড়ি থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুকদেব রায়কে আগামী ১৫ আগস্টের মধ্যে উত্তরবঙ্গ থেকে সমস্ত বাঙালি ও ভাটিয়াদের বিতাড়িত করার হুমকি দিতে শোনা যায়।
হুমকিও দেওয়া হয়েছে (North Bengal)
ভাইরাল হওয়া ওই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগকারীদের দাবি, ভিডিওতে অভিযুক্ত যুবনেতা ২০০২ সালে সিপিআইএমের দলীয় কার্যালয়ে কেএলও জঙ্গিদের হামলার প্রসঙ্গ টেনে উত্তরবঙ্গকে বাঙালি ও ভাটিয়ামুক্ত করার কথা বলেছেন। এমনকি বেছে বেছে ভাটিয়াদের খুঁজে বের করে এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সামাজিক উত্তেজনা (North Bengal)
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, এই ধরনের মন্তব্য এলাকায় সাম্প্রদায়িক ও সামাজিক উত্তেজনা তৈরি করতে পারে। তাই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহত্তর আন্দোলন (North Bengal)
অভিযোগকারীদের পক্ষে প্রসেনজিৎ সরকার বলেন, “আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই। বাঙালি ও ভাটিয়া জনজাতিকে নিয়ে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করার সাহস সে পায় কোথা থেকে? পুলিশ যদি অবিলম্বে ওই যুবনেতাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

আরও পড়ুন: Dilip Ghosh: “কোনও দলে নেই, দুর্নীতিতেও নেই”, রামকৃষ্ণ মিশন নিয়ে দিলীপের বার্তা
পুলিশের পদক্ষেপ
তবে ভাইরাল ভিডিওটির সত্যতা এবং বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। এদিকে, এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবনেতার বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে অভিযোগকারীরা।



