Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হার্দিক পাণ্ডিয়ার আগমনে কি বদলে যাবে পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক? মুম্বই ইন্ডিয়ান্স থেকে তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার পর থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট মহলে। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ে যোগ দেওয়ার সময় অধিনায়কত্ব পেয়েছিলেন হার্দিক। এবার পাঞ্জাবেও কি তেমন কোনও সমীকরণ তৈরি হতে চলেছে? যাবতীয় জল্পনায় সরাসরি জল ঢেলে দিলেন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। স্পষ্ট জানিয়ে দিলেন, দলের অধিনায়ক হিসেবে থাকছেন শ্রেয়াস আইয়ারই থাকছেন।
‘সর্দার একজনই‘, শ্রেয়াসেই আস্থা পাঞ্জাবের (Punjab Kings)
১৮ কোটি টাকার বিনিময়ে আর্শদীপ সিংয়ের পরিবর্তে হার্দিককে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তবে নতুন তারকা এলেও নেতৃত্বে কোনও পরিবর্তন হচ্ছে না। নেস ওয়াদিয়ার কথায়, ‘সর্দার একজনই।’ অর্থাৎ শ্রেয়াসের নেতৃত্বেই আগামী মরশুমে খেলবে পাঞ্জাব। বরং অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব না থাকলে হার্দিক নিজের পারফরম্যান্সে আরও বেশি মন দিতে পারবেন বলে মনে করছেন পাঞ্জাব কর্তৃপক্ষ।
পন্টিং-হার্দিকের পুরনো সম্পর্কও গুরুত্বপূর্ণ (Punjab Kings)
হার্দিককে দলে নেওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন ওয়াদিয়া। পাঞ্জাবের কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে হার্দিকের পুরনো সম্পর্ক এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও এই ট্রেডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওয়াদিয়া জানান, প্রায় এক মাস ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা চলেছিল। বিসিসিআইয়ের অনুমোদন পাওয়ার পরই চুক্তি চূড়ান্ত হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, “সবাই এই চুক্তিতে খুশি। মুম্বই খুশি, আমরা খুশি, আমাদের অধিনায়ক শ্রেয়াসও খুশি। রিকি পন্টিং এবং হার্দিক আগে একসঙ্গে কাজ করেছে। আমার মনে হয়, দুই ফ্র্যাঞ্চাইজির জন্যই এটা উইন-উইন পরিস্থিতি।”
আর্শদীপকে ছাড়তে আবেগপ্রবণ পাঞ্জাব (Punjab Kings)
অন্যদিকে, আর্শদীপ সিংকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে সহজ ছিল না, সেটাও স্বীকার করেছেন পাঞ্জাব কর্তা (Punjab Kings)। আট বছর ধরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন ভারতীয় দলের এই বাঁ হাতি পেসার। তরুণ ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়ে ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি পেসার হয়ে উঠেছেন তিনি। তাই তাঁকে বিদায় জানানো আবেগের ছিল বলেই জানিয়েছেন ওয়াদিয়া।
তাঁর কথায়, “আট বছর পর ওকে ছাড়তে খারাপ লাগছে। তবে কাউকে বেড়ে উঠতে, সাফল্য পেতে এবং জীবনের আরও বড় সুযোগের দিকে এগিয়ে যেতে দেখা আনন্দের। মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি ওর মূল্য বুঝেছে, এটা দেখে আমি খুশি।”
আরও পড়ুন: Ronaldinho: ৪৬-এ ফের মাঠে রোনাল্ডিনহো! ১১ বছর পর প্রত্যাবর্তন
শ্রেয়াসের সম্মতিতেই বড় ট্রেড (Punjab Kings)
ওয়াদিয়ার দাবি, হার্দিককে দলে নেওয়ার সিদ্ধান্ত কোনও একজনের একার ছিল না। অধিনায়ক শ্রেয়াস আইয়ার, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সম্মতিতেই এই বড় ট্রেড সম্পন্ন হয়েছে। ফলে হার্দিকের আগমন ঘিরে নেতৃত্ব বদলের যে জল্পনা তৈরি হয়েছিল, আপাতত তার অবসান। নতুন মরশুমে শ্রেয়াসের নেতৃত্বে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।



