Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিদেশ যাত্রা মামলায় ধাক্কা। হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টেই হবে মামলার শুনানি। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে এক সপ্তাহের মধ্যে অভিষেকের বিদেশ যাত্রার আবেদনের মামলার শুনানির করতে হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ।
অভিষেককে এসএসকেএমে চিকিৎসার পরামর্শ হাইকোর্টের (Abhishek Banerjee)
বিতর্কিত ডিজে মামলায় অভিষেকের বিদেশ যাত্রার (Abhishek Banerjee) উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর সিঙ্গল বেঞ্চ। সেই মামলায় ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন অভিষেক। সম্প্রতি চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে অনুমতি চেয়ে আবেদন করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাঁর বিদেশ যাত্রার অনুমতি দেননি। উল্টে এসএসকেএম হাসপাতালে অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দেন। বিচারপতি প্রয়োজনে মেডিক্যাল বোর্ড গঠন করা হবে বলেও জানান।
এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্য বলেছিলেন, ‘কলকাতায় অনেক উন্নত চোখের চিকিৎসার হাসপাতাল রয়েছে। তাহলে কেন বিদেশে যেতে হবে? প্রয়োজনে আপনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করান। প্রয়োজন হলে আদালত মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসার নির্দেশ দেবে। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক সমস্ত পরীক্ষা করানোর পর চিকিৎসকরা যদি বিদেশে যাওয়ার পরামর্শ দেন তাহলে আদালত তা বিবেচনা করে দেখবে।’ এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর পর সেই রিপোর্টও আদালতে জমা দেওয়ার জন্য অভিষেককে পরামর্শ দেন বিচারপতি।
কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ (Abhishek Banerjee) করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিমকোর্টে সেই মামলার শুনানির শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতকে জানান, চোখের চিকিৎসা সংক্রান্ত কারণে তাঁর মক্কেলের জরুরি ভিত্তিতে বিদেশে যাওয়া প্রয়োজন। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি পিছিয়ে দেওয়ায় প্রশাসনিক ও চিকিৎসাগত সমস্যা তৈরি হয়েছে।
‘সুপ্রিম কোর্টে আবেদন কেন?’
শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন, হাইকোর্ট তো বিষয়টি বিচার করে দেখছে এবং ইতিমধ্যেই আইনি রক্ষাকবচ দিয়েছে। তা সত্ত্বেও নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন কেন? জবাবে অভিষেকের আইনজীবী জানান, আবেদনের পিছনে কোনও জরুরি কারণ রয়েছে। কিন্তু হাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় সমস্যা বাড়ছে।
আরও পড়ুন: Taslima Joy: তসলিমার সভায় জয় গোস্বামীকে ঘিরে অশান্তি: দর্শকদের আপত্তিতে মঞ্চেই উঠতে পারলেন না কবি
দুই পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করল না। মামলার শুনানি হাইকোর্টে হবে বলেই জানিয়ে দিল শীর্ষ আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেকের বিদেশ যাত্রার আবেদনের মামলার শুনানি করতে হবে বলেও নির্দেশে জানালো সুপ্রিম কোর্ট।


