Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্রে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া একটি- মোট তিনটি মামলায় বড় স্বস্তি ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতির সৌগত ভট্টাচার্য্য এই তিনটি মামলায় অভিষেককে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন। ততদিন পর্যন্ত এই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশে জানিয়ে দিল হাইকোর্ট। আগামী ৭ সেপ্টেম্বর এই তিন মামলার পরবর্তী শুনানি হবে।
১৬টি এফআইআর দায় (Abhishek Banerjee)
রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর ‘কালীঘাট’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় ১৬টি এফআইআর দায়ের হয়। তারমধ্যে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্রকে ঘিরে অনিয়ম, চিকিৎসায় গাফিলতি ও জমি দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর থানায় দু’টি এবং রবীন্দ্রনগর থানায় একটি এফআইআর দায়ের হয় অভিষেকের বিরুদ্ধে। এর আগে ১৬টি মামলার মধ্যে পাঁচটিতে আগেই অভিষেককে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। এদিন এই তিনটি মামলাতেও অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ায়, মোট আটটি মামলায় সাময়িক স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে এখনও বিচারাধীন বাকি আটটি মামলায় অস্বস্তি রয়েই গিয়েছে অভিষেকের। সেই মামলাগুলোর শুনানি হবার কথা রয়েছে আগামী ২৫ অগস্ট।

আরও পড়ুন: Utpal Dutt: মানবসভ্যতার ভণ্ডামির বিরুদ্ধে উৎপলের চাবুক আজও থামেনি
শুনানি আগামী ৭ সেপ্টেম্বর (Abhishek Banerjee)
শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেকের আইনি নিরাপত্তার তীব্র বিরোধিতা করেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে বলেন, শুধু তাঁর এজলাসই নয়, হাইকোর্টের অন্যান্য বিচারপতির এজলাস এবং সুপ্রিম কোর্টও অভিষেককে বিভিন্ন মামলায় আইনি সুরক্ষা দিয়েছে। বিচারপতি আরও বলেন, গত মে মাস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়েছে। সেই মামলা গুলির শুনানি করতে গিয়ে আদালতের যথেষ্ট সময় ব্যয় হচ্ছে। তারপরে অন্যান্য মামলার শুনানি করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে আদালতের কাছে। এই পরিস্থিতিতে আদালত এই তিন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ সেপ্টেম্বর।



