Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফের এশিয়ান গেমসে ভারতের জয়পতাকা ওড়ালেন মহিলারা (Asian Games Kabaddi)। রুদ্ধশ্বাস ফাইনালে ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের জন্য তৃতীয় সোনার পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা কাবাডি দল। শেষ মুহূর্তের স্নায়ুর চাপ সামলে, প্রতিপক্ষকে টেক্কা দিয়ে দেশকে আরও এক সোনালি মুহূর্ত উপহার দিলেন সঞ্জু দেবীরা।
নাটকে ঠাসা ফাইনাল (Asian Games Kabaddi)
সোনার লড়াইয়ের ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা। পুরো ম্যাচ জুড়েই চলছিল সমানে-সমান টক্কর—কখনও পয়েন্টে এগিয়ে ভারত, তো পর মুহূর্তেই পাল্টা প্রত্যাঘাত ইরানের। ম্যাচের একটা সময় মনে হচ্ছিল সোনা হয়তো হাতছাড়াই হতে চলেছে। কিন্তু প্রবল চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে দুর্দান্ত মানসিকতার পরিচয় দেন ভারতীয় দলের ‘অগ্নিকন্যা’রা।
সঞ্জুদের বাজিমাত (Asian Games Kabaddi)
শেষের কয়েক মিনিটে ইরান পরপর বেশ কিছু ভুল করে বসে, যার পূর্ণ সুযোগ তোলে ভারত। এমনকি শেষভাগে ইরানের দুই রেইডার একসঙ্গে কোর্টে ঢুকে নিয়মভঙ্গ করলে ম্যাচের মোড় সম্পূর্ণ ভারতের দিকে ঘুরে যায়। তবে শুধু প্রতিপক্ষের ভুল নয়, গোটা ম্যাচ জুড়ে চাপের মুখে সঞ্জু দেবীদের ধারাবাহিক পারফরম্যান্সই এই জয়কে ছিনিয়ে এনেছে। আবারও দলের সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করলেন সঞ্জু দেবী।
শনিবারে সাফল্য (Asian Games Kabaddi)
শনিবাসরীয় সকালের শুরুটাই হয়েছিল ইতিবাচক বার্তা নিয়ে। সাওয়ান বারওয়াল ম্যারাথনে ভারতকে রুপোর পদক এনে দেন। অন্যদিকে, স্কোয়াশের মিক্সড ডাবলসে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-২ ব্যবধানে পরাজিত হয়ে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেন জ্যোৎস্না চিনাপ্পা ও সেন্থিলকুমার। পাশাপাশি, ৫০ মিটার রাইফেল ৩ পজিশন দলের দলগত ইভেন্টেও ভারতীয় মহিলা দল রুপো জয় করতে সক্ষম হয়।
বেশ কিছু ইভেন্টে হতাশা (Asian Games Kabaddi)
সাফল্যের পাশাপাশি দিনের একাধিক ইভেন্টে হতাশ হতে হয়েছে ভারতীয় সমর্থকদের। ব্যাডমিন্টনে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়ান ইউয়ের কাছে ১২-২১, ২১-১৫, ১৪-২১ ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেন তারকা শাটলার লক্ষ্য সেন।
মহিলদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ব্যক্তিগত ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া করেন তিলোত্তমা সেন। বক্সিংয়েও হতাশা বাড়ান কমনওয়েলথ গেমসে পদকজয়ী জাদুমণি সিং; অলিম্পিক পদকজয়ী কার্লো পালামের কাছে ০-৩ ব্যবধানে হেরে ছিটকে যান তিনি।
পদক তালিকা (Asian Games Kabaddi)
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, চলতি এশিয়ান গেমসের পদক তালিকায় ভারতের সংগ্রহ মোট ২৭টি পদক—যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ১১টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। এই পারফরম্যান্সের ওপর ভর করে ভারত বর্তমানে তালিকার ১২ নম্বর স্থানে রয়েছে।
আরও পড়ুন: Khalid Jamil: পানামার বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স, খালিদের সাফল্যের রহস্য কী?
পরবর্তী লক্ষ্য (Asian Games Kabaddi)
এর আগে মহিলা ক্রিকেট দল ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিল, আর দ্বিতীয় সোনাটি আসে শ্যুটিংয়ে সুরুচি সিং ও কমলজিতের হাত ধরে (Asian Games Kabaddi)। কাবাডিতে মহিলা দলের এই ইতিহাস গড়ার পর এবার নজর পুরুষ কাবাডি দলের ওপর, যারা খুব শীঘ্রই নামতে চলেছে নিজেদের সোনার লড়াইয়ে।



