Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অসমের সরকারি সচিবালয় ‘জনতা ভবন’-এ কর্মরতদের (Assam Dress Code) জন্য নতুন পোশাকবিধি চালু করল হিমন্ত বিশ্বশর্মার সরকার। এবার থেকে ইচ্ছেমতো পোশাক পরে আর দফতরে হাজির হওয়া যাবে না। জিনস, টি-শার্ট কিংবা চটি পরে সচিবালয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর জন্য নয়, শুধুমাত্র জনতা ভবনে কর্মরতদের ক্ষেত্রেই প্রযোজ্য।
কেন হঠাৎ পোশাকবিধিতে এমন কড়াকড়ি? (Assam Dress Code)
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বক্তব্য, কয়েকজন কর্মী (Assam Dress Code) এমন পোশাক পরে অফিসে আসছিলেন, যা সরকারি দফতরের পরিবেশের সঙ্গে মানানসই নয়। এর ফলে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং সরকারের পক্ষেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই কারণেই কর্মীদের পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী পরা যাবে? (Assam Dress Code)
উপ-সচিব মানস জ্যোতি বরুয়ার স্বাক্ষরিত নির্দেশিকায় পুরুষ কর্মীদের ফরমাল ট্রাউজার ও শার্ট অথবা কুর্তা, ধুতি ও পাজামার মতো ভারতীয় পোশাক পরার কথা বলা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার কিংবা মেখেলা পরার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, জিনস, টি-শার্ট ও লেগিংসের মতো পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন: Daily Rashifal 2026: বিয়ের যোগ থেকে নতুন চাকরির সুযোগ, শনিবার কেমন কাটবে আপনার?
শুধু পোশাক নয়, পরিচ্ছন্নতা ও জুতোর ক্ষেত্রেও নির্দেশিকা জারি হয়েছে। কর্মীদের হালকা রঙের পরিষ্কার পোশাক পরতে হবে এবং অফিসের পরিবেশের উপযোগী জুতো ব্যবহার করতে হবে। চটি পরে দপ্তরে আসা চলবে না। নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।


