Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI Incident)-এ ফের উত্তেজনা ছড়াল। শনিবার ভোরে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশকর্মীর প্রবেশ এবং আন্দোলনরত পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। পুলিশের বিরুদ্ধে পড়ুয়াদের মারধর, ছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিষ্ঠান চত্বর।
পড়ুয়াদের কী অভিযোগ? (SRFTI Incident)
পড়ুয়াদের অভিযোগ, শনিবার সকাল ৬টা নাগাদ (SRFTI Incident) মুখ কাপড়ে ঢাকা অবস্থায় তিনশোরও বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর আন্দোলনকারীদের ধর্নামঞ্চে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। দু’টি ছোট পিকআপ ভ্যানে করে সেই সমস্ত জিনিস ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের। তাঁদের বক্তব্য, সরিয়ে নেওয়া সামগ্রীগুলির অধিকাংশই প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি।
প্রতিবাদ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (SRFTI Incident)
এই ঘটনার প্রতিবাদ করতে গেলে পুলিশের সঙ্গে পড়ুয়াদের (SRFTI Incident) ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। একাধিক ছাত্রছাত্রীকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়ার পাশাপাশি ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইলে রেকর্ড করতে গেলে কয়েকজন পড়ুয়ার ফোন কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে দাবি আন্দোলনকারীদের।
পড়ুয়াদের আরও অভিযোগ, সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোটা ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হস্টেল থেকে বেরিয়ে মূল গেটের দিকে যাওয়া কিংবা ক্যাম্পাসের বাইরে বেরোনোর ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছিল। পুলিশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকায় পড়ুয়াদের নিজেদের মধ্যে যোগাযোগ করতেও সমস্যা তৈরি হয় বলে দাবি তাঁদের।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে SRFTI-তে পড়ুয়াদের আন্দোলন ও কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই অস্থিরতার জেরে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার মধ্যেই শনিবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে। পুলিশের এই পদক্ষেপের কারণ এবং পড়ুয়াদের তোলা অভিযোগ নিয়ে কর্তৃপক্ষ ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।


