Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নামজাদা সংস্থার বোতলবন্দি (Bisleri Water Contamination) পানীয় জলের গুণমান নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। পশ্চিমবঙ্গে বিসলেরির কারখানায় উৎপাদিত জলের নমুনায় মিলেছে কলিফর্ম জীবাণু। ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) জানিয়েছে, দু’টি পৃথক গবেষণাগারে পরীক্ষা করেও ওই নমুনা মানোত্তীর্ণ হতে পারেনি। এই ঘটনার পর বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
জীবাণুর উপস্থিতি (Bisleri Water Contamination)
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জলপাইগুড়ির (Bisleri Water Contamination) তেলিপাড়া গ্রামের বিসলেরি কারখানা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, পিবি ২০১ ব্যাচের ওই পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। সাধারণত পানীয় জলে নিকাশি ব্যবস্থার ত্রুটি কিংবা পাইপলাইনে ফাটলের কারণে এই ধরনের জীবাণু মিশতে পারে। নমুনার পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর ২০২৬ সালের ১২ অগস্ট উৎপাদিত ওই ব্যাচের সমস্ত বোতল বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গোয়াতেও বিসলেরি বিতর্ক (Bisleri Water Contamination)
এর আগে গোয়ার বিসলেরি কারখানার পানীয় জলের নমুনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার বেশি থাকার অভিযোগ ওঠে। পরবর্তী পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পিএএইচের উপস্থিতির কথাও জানায় এফএসএসএআই। সেই নমুনাকে খাদ্য নিরাপত্তা আইনের আওতায় অসুরক্ষিত ঘোষণা করে আইনি পদক্ষেপের অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে, গোয়ার কারখানার নমুনা নিয়ে বিসলেরি কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট একটি ব্যাচের পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের সামগ্রিক উৎপাদনের গুণমান নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। পুনঃপরীক্ষার ফল নিয়েও সংস্থার আপত্তি রয়েছে।
পশ্চিমবঙ্গের কারখানার নমুনায় জীবাণু মেলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিসলেরির তরফে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


