Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবলের মাঠে গোল খাওয়া নতুন কিছু নয় (FIFA Data Breach)। কিন্তু এবার মাঠের বাইরেই বড়সড় গোল খেয়ে বসল ফিফা! প্রতিপক্ষ কোনও ফুটবল দল নয়, বরং একদল সাইবার হ্যাকার। চুরির ঘটনা ঘটেছিল কয়েক দিন আগেই। এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও শেষ পর্যন্ত সাইবার হানার কথা স্বীকার করতে বাধ্য হল আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা। হ্যাকারদের কবলে গিয়েছে প্রায় ১২ জিবি গোপন তথ্য। যদিও ফিফার দাবি, চিন্তার তেমন কিছু নেই। কারণ, তাদের বিশাল তথ্যভাণ্ডারের মাত্র ০.১ শতাংশ তথ্যই নাকি চুরি হয়েছে! অর্থাৎ বাড়িতে চোর ঢুকলেও ফিফার দাবি, আলমারির সামান্যই ফাঁকা হয়েছে!
হ্যাকারের দাবি, ফিফার অস্বীকার! (FIFA Data Breach)
দিন কয়েক আগেই ‘হ্যান্ডসম বয় হ্যাকিং ক্লাব’ নামে একটি সাইবার হ্যাকিং গ্রুপ দাবি করে, তারা ফিফার গোপন তথ্যভাণ্ডারে হানা দিয়েছে। শুধু দাবি করেই থেমে থাকেনি তারা। ফিফার একাধিক গোপন নথির স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। তবে প্রথম দিকে বিষয়টি নিয়ে বিশেষ মুখ খুলতে চায়নি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্থা। অবশেষে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সাইবার হানার কথা স্বীকার করে ফিফা।
১২ জিবি তথ্য উধাও! (FIFA Data Breach)
হ্যাকারদের হাতে ঠিক কী কী তথ্য গিয়েছে? সেই তালিকা বেশ লম্বা। জানা গিয়েছে, পরিচয়পত্র, অভিবাসন সংক্রান্ত নথি, ফিফার শীর্ষ কর্তাদের ব্যক্তিগত তথ্য, আর্থিক ও আইনি কাগজপত্র থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রশাসনিক নথি—সবই রয়েছে সেই তালিকায়। এমনকী বিভিন্ন গোপন নথির স্ক্রিনশটও হাতিয়েছে হ্যাকাররা। অভিযোগ, সাধারণ কর্মীর পরিচয় ব্যবহার করেই ফিফার তথ্যভাণ্ডারে ঢুকে পড়েছিল তারা। অর্থাৎ ফুটবলের ভাষায় বলতে গেলে, ফিফার রক্ষণভাগের ফাঁক গলে একেবারে গোলকিপারের সামনে পৌঁছে গিয়েছিল হ্যাকাররা!
সাইবার হানা, তদন্ত শুরু (FIFA Data Breach)
বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা অপরাধমূলক সাইবার প্রতারণার শিকার হয়েছে। হ্যাকাররা কিছু ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য হাতিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইন বিভাগের সঙ্গে আলোচনা করে তদন্ত শুরু হয়েছে। ফিফার দাবি, কোনও প্রযুক্তিগত বা সিস্টেমগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি। বরং সংস্থার এক কর্মীর পরিচয় ব্যবহার করেই হ্যাকাররা তথ্যভাণ্ডারে প্রবেশ করেছিল। তবে এত বড় আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা ব্যবস্থায় কীভাবে এমন ফাঁক তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: India A vs Sri Lanka A: ৩১৮ রান করেও হার! শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় ভারতের
বিশ্বকাপের বিতর্কিত নথি কি সুরক্ষিত? (FIFA Data Breach)
তবে ফিফা সমর্থকদের মতো আতঙ্কিত হতে নারাজ। সংস্থার দাবি, মোট তথ্যভাণ্ডারের মাত্র ০.১ শতাংশ তথ্য চুরি হয়েছে (FIFA Data Breach)। অর্থাৎ ১২ জিবি তথ্য উধাও হলেও ফিফার মতে ক্ষতির পরিমাণ সামান্য। আরও দাবি, সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রি করে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় তথ্য সুরক্ষিত রয়েছে। তবে হ্যাকারদের এই কাণ্ডে ফিফার তথ্য নিরাপত্তা নিয়ে যে বড়সড় প্রশ্ন উঠে গেল, তা বলাই বাহুল্য। মাঠে প্রতিপক্ষকে সামলানোর জন্য যতটা প্রস্তুতি থাকে, এবার নিজেদের ডেটাবেস বাঁচাতেও ততটাই নজর দিতে হবে ফিফাকে!



