Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার (Bageswar Baba) মন্তব্য ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। বিতর্কের মাঝেই এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন মধ্যপ্রদেশের বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। তবে দেশে নয়, স্কটল্যান্ডের গ্লাসগো থেকে তিনি জানালেন, বাঙালির খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
কী দাবি বাবার? (Bageswar Baba)
গ্লাসগো থেকে দেওয়া বক্তব্যে বাগেশ্বর বাবা (Bageswar Baba) দাবি করেন, দুর্গাপুজোর সময় তিনি শুধুমাত্র পুজোর স্থান ও দেবীর আশপাশের পরিবেশের পবিত্রতা বজায় রাখার কথা বলেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্যান্ডেলে মাছ-মাংস না খেয়ে বাড়িতে খাওয়ার পরামর্শই তিনি দিয়েছিলেন। কারও ব্যক্তিগত খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার উপর কোনও নিয়ম চাপিয়ে দেওয়ার অধিকার তাঁর নেই বলেও স্পষ্ট করেন তিনি। ধর্মগুরু হিসেবে হিংসার বিরুদ্ধে কথা বলার অধিকার তাঁর রয়েছে-এমনই যুক্তি তাঁর।
বাবার পাশে মুখ্যমন্ত্রী (Bageswar Baba)
এই মন্তব্যের মধ্যেই বৃহস্পতিবার বিধানসভায় বাগেশ্বর বাবার বক্তব্যের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বাগেশ্বর বাবা দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারত এবং ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সেই বক্তব্য কেউ গ্রহণ করবেন কি না, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, বাগেশ্বর বাবার মন্তব্যে বাঙালির আবেগে আঘাত লেগেছে অভিযোগ তুলে ভবানীপুরে পথে নামে কংগ্রেস ও যুব কংগ্রেস। থানার সামনে বিক্ষোভের পাশাপাশি তাঁর ছবি পোড়ানোর অভিযোগও ওঠে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।


