Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির বারো মাসে এখন আর ১৩ পার্বণ নয়! কারণ টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে (TATA Steel Marathon) কলকাতা ম্যারাথন গত এক দশক ধরে বাংলার মানুষের অন্যতম পার্বণে পরিণত হয়েছে। এবছরও আগামী ২০ ডিসেম্বর রেড রোডে অনুষ্ঠিত হবে ১১তম বর্ষে পা দেওয়া টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন। তার আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের। নবান্নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এবারের ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার, ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
দিনক্ষণ ঘোষণা ও রেজিস্ট্রেশন (TATA Steel Marathon)
সন্ধ্যায় মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি অংশগ্রহণ করার রেজিস্ট্রেশনও শুরু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ, ভারতের কিংবদন্তি ফুটবলার তথা প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া সহ ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

লক্ষ্য ২৫ হাজার অংশগ্রহণকারী (TATA Steel Marathon)
আন্তর্জাতিক ম্যারাথন মানচিত্রে জায়গা করে নেওয়া টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনে এবারও আন্তর্জাতিক স্তরের পেশাদার রানারদের পাশাপাশি হাজার হাজার সাধারণ দৌড়প্রেমীরাও অংশ নেবেন বলে আশাবাদী আয়োজকরা। আগ্রহী অংশগ্রহণকারীরা ‘tatasteelworld25k.procam.in’ ওয়েব সাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। রাজ্য সরকারের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও এবারের এই ম্যারাথন আয়োজনে সমানভাবে সহযোগিতা করবে। এবারও ২৫ হাজারেরও বেশি মানুষ ম্যারাথনে অংশ নেবেন বলে আশাবাদী আয়োজকরা।
ম্যারাথনের বিভিন্ন ক্যাটেগরি (TATA Steel Marathon)
এবারের ম্যারাথনেও থাকছে একাধিক ক্যাটেগরি। ২৫কে পুরুষ ও মহিলা পেশাদার রানের পাশাপাশি সাধারণ দৌড়প্রেমীদের জন্য থাকছে ১০কে ওপেন, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রান এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষমদের জন্যও রান। সবকটি বিভাগের জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।
ক্রীড়ামন্ত্রীর বার্তা
ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ বলেন, ‘ঝাড়গ্রাম ও জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ ও সুন্দরবন—পশ্চিমবঙ্গে প্রতিভার কোনও অভাব কখনও ছিল না। সেই প্রতিভাকে খুঁজে বের করা, তার বিকাশ ঘটানো এবং আমাদের তরুণ ক্রীড়াবিদদের বিশ্বমানের সুযোগ-সুবিধা, পরিকাঠামো ও পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এই যাত্রায় ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের সেরা ক্রীড়াবিদদের কলকাতায় নিয়ে আসার মাধ্যমে এটি আমাদের তরুণ খেলোয়াড়দের বিশ্বমানের দক্ষতা প্রত্যক্ষ করার, অনুপ্রেরণা লাভের এবং সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতার স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। এটি কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং কলকাতার ক্রীড়াসুলভ উদ্দীপনার এক উদযাপন এবং এমন একটি শক্তিশালী মঞ্চ যা আমাদের শহরকে আন্তর্জাতিক অ্যাথলেটিক্সের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে। সঠিক সুযোগ ও ধারাবাহিক সহায়তা পেলে বাংলার প্রতিটি প্রান্ত থেকেই ভবিষ্যতের চ্যাম্পিয়নরা উঠে আসতে পারে।’
পর্যটনমন্ত্রীর বার্তা (TATA Steel Marathon)
অনুষ্ঠানে উপস্থিত পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে কলকাতাকে তুলে ধরতে প্রস্তুত। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে ম্যারাথন আয়োজনের মাধ্যমে কলকাতা এক নতুন উদ্দীপনা পেয়েছে এবং বিশ্বমঞ্চে নিজের উপস্থিতর জানান দিয়েছে। আমাদের শহরকে প্রত্যক্ষ করার জন্য আমরা দেশ ও বিদেশের ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারীদের সাদরে স্বাগত জানাই। আমাদের সরকার এই আয়োজনে সর্বতোভাবে সহায়তা করতে এবং একটি নতুন কলকাতা গড়ে তুলতে প্রস্তুত।”
আরও পড়ুন: Jamal Musiala: চারদিনের মধ্যে দ্বিতীয়বার মাঠে অজ্ঞান জামাল মুসিয়ালা, কারণ জানালেন নিজেই
বাইচুং ভুটিয়ার বার্তা
কিংবদন্তি ভারতীয় ফুটবলার তথা প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেছেন, “দৌড় (TATA Steel Marathon) আমাদের শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও সহনশীলতার শিক্ষা দেয়। এমন সব গুণ যা তরুণদের মাঠ ও মাঠের বাইরে—উভয় ক্ষেত্রেই সফল হতে সাহায্য করে। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন হাজার-হাজার মানুষকে সুস্থ জীবনযাপন ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করেছে। এই কর্মযজ্ঞের অংশ হতে পেরে আমি গর্বিত। আমি আশা করি, আরও বেশি সংখ্যক তরুণ খেলাধুলাকে আপন করে নেবে, নিজেদের চ্যালেঞ্জ জানাবে এবং এই বছরের আয়োজনে অংশ নেওয়া অসাধারণ ক্রীড়াবিদদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করবে।”



