Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গে বর্ষা প্রবেশ করলেও এবার বৃষ্টির দাপট চরম আকার নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা(Bengal Rain)। মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, জারি লাল সতর্কতা (Bengal Rain)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
২৮ থেকে ২৯ জুন:
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েক জায়গায় ভারী থেকে অতিভারী (৭-২০ সেমি) এবং এক-দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের (২০ সেমির বেশি) লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩০ জুন ও পরবর্তী দিনগুলি:
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা সামান্য কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১ এবং ২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রভাব:
অতিভারী বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস (Landslide) নামার আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে এবং তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো নদীগুলির জলস্তর অনেকটাই বৃদ্ধি পেতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কম হলেও, বজ্রগর্ভ মেঘের জেরে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের দাপট বজায় থাকবে।
২৮ থেকে ২৯ জুন:
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
৩০ জুন থেকে ১ জুলাই:(Bengal Rain)
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ৩০ জুন বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। ১ জুলাই ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে।
আরও পড়ুন: Rannaghor: রান্নার নানা স্বাদ: জি বাংলায় শাশুড়ি বউমার রান্নাঘর
আবহাওয়া দফতরের পরামর্শ ও নির্দেশিকা (Bengal Rain)
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ড. এইচ. আর. বিশ্বাস সাধারণ মানুষকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন:
১. বজ্রপাত বা প্রবল বৃষ্টির সময় খোলা মাঠে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকুন।
২. গাছ, বিদ্যুতের খুঁটি বা বিপজ্জনক কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
৩. জলাশয় বা জলের সংস্পর্শ এড়িয়ে চলুন।
৪. পাহাড়ি ও নিচু এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কুমারগ্রামে সর্বোচ্চ ১৬ সেমি এবং দার্জিলিংয়ের সেবকে-তে ১২ সেমি বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে।



