Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ভাইফোঁটা আসতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই শহরে জমজমাট মিষ্টির বাজার। ভাইদের জন্য স্পেশাল মিষ্টি খাওয়াতে বাবরসা দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। ক্ষীরপাইয়ের এই ঐতিহ্যবাহী বাবরসা মিষ্টি (Babarsha Sweet) গোটা রাজ্য জুড়েই এখন জনপ্রিয়। এই মিষ্টি এতটাই স্পেশাল যে গোটা ভারতে একমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই মেলে এই মিষ্টি।
মিষ্টি খেতে ভালবাসেন না, এমন লোক কমই আছেন। উৎসবের মরসুমে রসগোল্লা থেকে পায়েস, জিলিপি থেকে পান্তুয়া— বাদ পড়ে না কিছুই। ভাইফোঁটায় ভাইয়ের প্লেটে স্পেশ্যাল মিষ্টি তুলে দিতে অনেকেই আবার ক্ষীরপাইয়ের ঐতিহ্যবাহী বাবরসা মিষ্টিকেই বেছে নিচ্ছেন।
আরও পড়ুন: Bhai Phota: সত্যিই কি যমুনা যমকে ভাইফোঁটা দিয়েছিলেন? কী সেই পৌরাণিক গল্প…
এই বাবরসা খেতে এতটাই সুস্বাদু যে সহজে ভোলা যায় না এই স্বাদ। আর এই মিষ্টি তৈরি সাধারণত ক্ষীরপাই ছাড়া আর অন্য কোথাও হয় না। তাই এই মিষ্টি প্রেমেই ভাইফোঁটা আসতেই বাবরসার (Babarsha Sweet) কদর বেড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন ক্ষীরপাইয়ে, শুধুমাত্র এই ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিতে।
এডওয়ার্ডস বাবরের নামানুসারেই মিষ্টির নাম (Babarsha Sweet)
ইতিহাস ঘাঁটলে জানা যায়, ১৭০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়। বর্গীদের আক্রমণে তখন আতঙ্কে ক্ষীরপাইয়ের মানুষ। সেই সময় তৎকালীন ইংরেজ অফিসার এডওয়ার্ডস বাবর বর্গী আক্রমণ রুখে ক্ষীরপাইকে রক্ষা করেন। কৃতজ্ঞতা স্বরূপ স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ী পরান আটা দুধ, ময়দা, ঘি ও মধু মিশিয়ে তৈরি করেন এক অভিনব মিষ্টি, যা তিনি উপহার দেন এডওয়ার্ডস বাবরকে। তাঁর নামানুসারেই এই মিষ্টির নাম হয় ‘বাবরসা’। যদিও অন্য একটি মত অনুযায়ী, মোঘল সম্রাট বাবরের নাম থেকেই এসেছে এই মিষ্টির নাম।
স্বাধে কেমন এই মিষ্টি?
ক্ষীরপাইয়ের বাবরসা মিষ্টি (Babarsha Sweet) খেতে বাইরে মচমচে ও ভিতরে নরম। খাঁটি ঘি, দুধ, মধু ও ময়দার সংমিশ্রণে তৈরি এই মিষ্টি সারা দেশে বিরল। তাইই এই মিষ্টি আজ ভৌগোলিক স্বীকৃতি বা জি-আই ট্যাগও অর্জন করেছে। ক্ষীরপাই পৌর এলাকার মিষ্টি ব্যবসায়ীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। ভাইফোঁটাকে ঘিরে বাবরসার চাহিদা তুঙ্গে। প্রতি পিস বাবরসা বিক্রি হচ্ছে ১০ টাকায়, সঙ্গে দেওয়া হচ্ছে মিষ্টির রস।
আরও পড়ুন:Bhai Phota: ভাইফোঁটার মেনুতে মশলা আর চিজের অপূর্ব মেলবন্ধন! গরম ভাতের সঙ্গে জমে যাবে মাংসের এই পদ
ক্ষীরপাই শহরের হালদারদিঘি মোড় ও চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কের পাশে সারি সারি দোকানে চলছে দিনরাত বাবরসা তৈরির ব্যস্ততা। স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, সারা বছরই বাবরসা (Babarsha Sweet) তৈরি হয়, তবে ভাইফোঁটায় চাহিদা থাকে কয়েকগুণ বেশি। বোনেদের হাতে ভাইদের জন্য মিষ্টির থালিতে তাই এবারের ভাইফোঁটায় থাকছে ক্ষীরপাইয়ের প্রসিদ্ধ “বাবরসা”, এক ঐতিহ্যের প্রতীক, স্বাদের গর্ব।


