Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল এক বিশেষ ক্রিকেট ম্যাচ (India vs Japan)। খেলাটি অনুষ্ঠিত হয় সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। তারকাখচিত ভারতীয় দলকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচের সব টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়। দর্শকদের একাংশ ভেবেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দাপটে জাপান সহজে খড়কুটোর মতো উড়ে যাবে। তবে ম্যাচের শেষে মাঠ জুড়ে মূল চর্চার বিষয় হয়ে উঠল জাপানের অদম্য লড়াই।
ওভার ছাঁটাই (India vs Japan)
ম্যাচের দিন শুরুতেই বাধা হয়ে দাঁড়ায় আবহাওয়া। ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ ভিজে যায়। দুই দল মাঠে নামতে না পারায় দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। অবশেষে দুপুর সাড়ে ১২টায় খেলা শুরু করা সম্ভব হয়। আবহাওয়া ও সময়ের বাধ্যবাধকতায় ম্যাচটি কমিয়ে ৫ ওভারের করা হয়।

ভারতীয় ব্যাটিং বিপর্যয় (India vs Japan)
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতের হয়ে ওপেন করতে নামেন আগের ম্যাচেই দ্রুততম সেঞ্চুরি করা অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তবে প্রথম বলেই চার্লি হারা হিনজের শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষেক। এরপর সঞ্জু স্যামসন ও ইশান কিষানও পরপর আউট হলে চাপে পড়ে যায় ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটে চড়ে ভারত নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রান তুলতে সক্ষম হয়।

জাপানের চোখা লড়াই (India vs Japan)
৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার লাচলান ইয়ামামোতো লেকের উইকেট হারিয়ে মাত্র ২ রান তোলে জাপান (India vs Japan)। প্রাথমিক ধাক্কা সত্ত্বেও দমে না গিয়ে অসাধারণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। শক্তিশালী ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যায় সূর্যের দেশের দল। ভারতের বোলাররা এতটাই চাপে পড়ে যান যে অক্ষর প্যাটেলকেও ওয়াইড বল করতে দেখা যায়।


অবশেষে ৫ ওভার শেষে ৩০ রান তুলে থামে জাপানের ইনিংস। রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ২ রানে জয় পায় ভারত। তবে ম্যাচ হারলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে শেষ বল পর্যন্ত সমান তালে লড়াই করে কেন্দ্রেল কাডোয়াকি ফ্লেমিংরা যেন এক নৈতিক জয় অর্জন করলেন এবং জয় করে নিলেন ক্রিকেট বিশ্বের হৃদয়।



