Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনে জোট হচ্ছে না বাম কংগ্রেসের। ২৯৪ আসনে একাই লড়বে বলে জানিয়েছে কংগ্রেস(Cong Left)। জোটের পক্ষে দুপক্ষেই কিছু চোরা টান থাকলেও কংগ্রেস হাইকমান্ডের সাফ বার্তাকে নস্যাৎ করতে পারছে না দুপক্ষই। সেক্ষেত্রে বৃহত্তর বাম ঐক্যের পথেই যে এগোবে রাজ্যের বামেরা তা নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক মহলের।
জোটে নেই বাম কংগ্রেস (Cong Left)
২০১৬, ২০২১-এর পর এবার আর জোটে নেই বাম কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের ২৯৪টি আসনে একাই লড়বে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রথম থেকেই একা লড়ার পক্ষেই দাঁড়িয়েছিলেন। তাঁর দাবি ছিল রাজ্যে নিজেদের অবস্থান খতিয়ে দেখে নিতে হবে কংগ্রেসকে। তাঁর সেই মনোভাবকে মান্যতা দিয়েই কংগ্রেস হাইকমান্ড জানিয়ে দিয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। বিষয়টি নিয়ে দলের সঙ্গে তিনি একমত জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
ফের রাজ্যে একাই লড়ছে কংগ্রেস (Cong Left)
২০০৬-এর পর ফের রাজ্যে একাই লড়ছে কংগ্রেস। সেবারে রাজ্যে ২১টি আসন জিতেছিল দল। যদিও জোট হিসেবে লড়াই করে ফল ভাল হয়েছিল বলে মনে করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে হাফ হার্টেড কংগ্রেসকে মানুষ চাইছেন না বলেই দাবি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর।
শরিকদের প্রশ্নের মুখে সেলিম (Cong Left)
এদিকে বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকে জোট শরিকদের প্রশ্নের মুখে পড়েন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। মন বুঝতে গিয়েছিলেন বলে সেলিম ব্যাখ্যা দিলেও তা মানতে নারাজ শরিকরা।
বৃহত্তর ঐক্যের পক্ষেই লড়াই (Cong Left)
কংগ্রেসের জোট ভেস্তে যাওয়ার পর আপাতত বামেদের পক্ষে সেভাবে আর কোনও জোট সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। জোট হতে পারে বামফ্রন্টের সঙ্গে লিবারেশন ও পাহাড়ের দু-একটি দলের। সেক্ষেত্রে বৃহত্তর ঐক্যের পক্ষেই লড়াই হতে পারে বামেদের বলে মত রাজনৈতিক মহলের।



