Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গীর বাদশা: কয়েক ঘণ্টার মধ্যেই ওড়িশার গোপালপুরের কাছাকাছি উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, এর পরোক্ষ প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গতকাল থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর সহ একাধিক উপকূলবর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টিতে ভিজছে জনজীবন। আকাশ মেঘলা, পাশাপাশি সমুদ্রও ক্রমশ উত্তাল হয়ে উঠছে।
আজ সকালেই স্থলভাগে প্রবেশের পূর্বাভাস (Cyclone Akvan)
ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার, ২০ নভেম্বর সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। যদিও স্থলভাগে প্রবেশের আগে ঘূর্ণিঝড়টির শক্তি কিছুটা কমেছে, তবুও পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও তৈরি হয়েছে দুর্যোগের পরিস্থিতি। শুক্রবার সকাল ৯টা ৩৬ মিনিটে কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী তিন ঘণ্টার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
উত্তাল সমুদ্র, পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা (Cyclone Akvan)
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ২০ থেকে ২৫ নট গতিবেগে বাতাস বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ ৩০ নট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার আশঙ্কায় কলকাতা ও হলদিয়া বন্দরে Local Cautionary Signal No. 3 এবং সাগর বন্দরে Sectional Signal No. II জারি করা হয়েছে।
সৈকতে মাইকিং, সমুদ্রস্নানে কড়া নিষেধ (Cyclone Akvan)
দিঘা, তাজপুর ও মন্দারমণি সহ একাধিক সৈকতে পুলিশের তরফে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছে না যাওয়া, সৈকতে ভিড় না করা এবং সমুদ্রস্নান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফেও সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরো পড়ুন: Transgender Employment: ট্রাফিক সিগন্যাল থেকে সরকারি কাজে, রূপান্তরকামীদের নিয়ে বড় উদ্যোগ রাজ্যের?
ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রেখে সতর্ক রয়েছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনিক নির্দেশ মেনে চলার আবেদন জানানো হচ্ছে। উপকূলে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। বজ্রঝড় চলাকালীন সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। একদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ল্যান্ডফল, অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা—আবহাওয়ার এই জোড়া পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



