Last Updated on [modified_date_only] by Aditi Singha
মুর্শিদাবাদের সাগরদিঘিতে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে (Murshidabad)। দুর্ঘটনার প্রতিবাদে এবং এলাকায় নিরাপত্তার দাবিতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের এই অবরোধের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। জাতীয় সড়কের দু’টি লেনেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
কন্টেনারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু যুবকের (Murshidabad)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ সাগরদিঘি থানার অন্তর্গত বাহালনগর গ্রামের বাসিন্দা ৩২ বছর বয়সি গুলজার শেখ ১২ নম্বর জাতীয় সড়কের একটি লেন পার করে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় জঙ্গিপুর থেকে বহরমপুরের দিকে যাওয়া একটি কন্টেনার তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলজারের। গ্রামবাসীদের অভিযোগ, ধাক্কা মারার পর কন্টেনারটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে ধরে ফেলেন। অভিযোগ, এরপর কন্টেনার চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।
স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশের দাবিতে অবরোধ
যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাহালনগর-সহ আশপাশের একাধিক গ্রাম থেকে কয়েকশো মানুষ রাস্তায় নেমে আসেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও জাতীয় সড়কের উপর বসে অবরোধ শুরু করেন। তাঁদের অভিযোগ, এই এলাকায় পুলিশের পর্যাপ্ত নজরদারি না থাকার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। তাঁদের মূল দাবি, বাহালনগরের কাছে জাতীয় সড়কে স্পিড ব্রেকার বসাতে হবে এবং নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ (Murshidabad)
স্থানীয় বাসিন্দা হাসান শেখের অভিযোগ, এর আগেও একাধিক দুর্ঘটনার বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছিল। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। এমনকী, বিষয়টি নিয়ে সরব হওয়ায় তাঁকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, এলাকায় ট্রাফিক পুলিশের অধীনে কয়েকজন সিভিক ভলান্টিয়ার থাকলেও তাঁরা নিয়মিত দায়িত্ব পালন করেন না। ফলে পণ্যবাহী বড় গাড়ি ও কন্টেনারগুলি বেপরোয়া গতিতে চলাচল করে।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু!
যানজট সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ কর্তারা
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক শীর্ষ কর্তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছেন। তবে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গিয়েছে।



