Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: যে বিশ্বাস নিয়ে নিজে এবং শিশুদের রোজের পুষ্টিগুণ দেওয়া হয় তাতেই ভেজাল (Dabur)! বছরের পর বছর ধরে নিজেদের বিভিন্ন খাদ্যপণ্যের প্রচারে “১০০ শতাংশ বিশুদ্ধ” দাবিকে সামনে রেখেছিল ভারতের অন্যতম জনপ্রিয় এফএমসিজি সংস্থা ডাবর ইন্ডিয়া। টেলিভিশন বিজ্ঞাপন থেকে শুরু করে ডিজিটাল প্রচার, প্যাকেজিং এবং বিভিন্ন বিপণন সামগ্রী সর্বত্রই এই দাবিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

কিন্তু সেই দাবিকেই বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সোমবার কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ডাবরের একাধিক খাদ্যপণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ জারি করেছে।
কেন আপত্তি এফএসএসএআই-এর? (Dabur)
এফএসএসএআই-এর বক্তব্য, কোনও খাদ্যপণ্যের ক্ষেত্রে “১০০ শতাংশ বিশুদ্ধ” বলে নিশ্চিত দাবি করা বাস্তবসম্মত নয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে। সংস্থার মতে, খাদ্যপণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ থাকে। এই কারণে “১০০ শতাংশ বিশুদ্ধ” দাবি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। এমন দাবি করলে সাধারণ ক্রেতার মনে ভুল ধারণা তৈরি হতে পারে যে অন্যান্য ব্র্যান্ডের পণ্য নিম্নমানের। এই কারণেই বিজ্ঞাপনে এমন দাবি করা আইনবিরোধী ও বিভ্রান্তিকর বলে মনে করছে এফএসএসএআই।
কোন কোন পণ্যের উপর নিষেধাজ্ঞা? (Dabur)
এফএসএসএআই-এর নির্দেশিকা অনুযায়ী ডাবরের যে সব জনপ্রিয় খাদ্যপণ্যের বিক্রিতে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে, মধু, ঘি, অ্যাপেল সাইডার ভিনিগার, ভার্জিন কোকোনাট অয়েল, তিলের তেল, নারকেল জল, নারকেল দুধ, শুধু এই কয়েকটি পণ্যই নয়, যেসব খাদ্যপণ্যের গায়ে বা বিজ্ঞাপনে “১০০ শতাংশ বিশুদ্ধ” দাবি করা হয়েছে, সেগুলির ক্ষেত্রেও একই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
আগেই সতর্ক করা হয়েছিল ডাবরকে (Dabur)
এফএসএসএআই জানিয়েছে, এই পদক্ষেপ হঠাৎ করে নেওয়া হয়নি। এর আগে ডাবর কর্তৃপক্ষকে একাধিকবার নোটিস পাঠিয়ে বিজ্ঞাপনে “১০০ শতাংশ বিশুদ্ধ” দাবি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সংস্থাকে সতর্ক করা হলেও সেই দাবি অব্যাহত ছিল বলে অভিযোগ। নিয়ন্ত্রক সংস্থার মতে, নির্দেশ মানা না হওয়ায় এবার কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০১৮ সালের আইন কী বলছে? (Dabur)
এই সিদ্ধান্তের ভিত্তি রয়েছে ২০১৮ সালের Food Safety and Standards (Advertising and Claims) Regulations-এ। সেই নিয়ম অনুযায়ী, কোনও কম্পাউন্ড ফুড বা প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে “১০০ শতাংশ বিশুদ্ধ” বা একই ধরনের নিরঙ্কুশ দাবি করা যায় না। বিজ্ঞাপনে এমন দাবি করলে তা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে। খাদ্যপণ্যের প্রচারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং আইনসম্মত তথ্যই ব্যবহার করতে হবে। এফএসএসএআই-এর মতে, ডাবরের বিজ্ঞাপন এই নীতির পরিপন্থী হওয়ায় সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ (Dabur)
শুধু বিক্রি বন্ধের নির্দেশই নয়, ডাবরকে আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে এফএসএসএআই। সেই রিপোর্টে জানাতে হবে, কোন কোন পণ্যে এই দাবি ব্যবহার করা হয়েছে।
ডাবরের প্রতিক্রিয়া কী?
ডাবরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এফএসএসএআই-এর নোটিস পেয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সংস্থার দাবি, তাদের ওয়েবসাইট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য বিপণন সামগ্রী পর্যালোচনা করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে ডাবর।



