Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রবিবার সকালে দিল্লির অশোক বিহার এলাকায় কলেজে যাওয়ার পথে এক তরুণীর উপর ভয়াবহ অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে (Delhi Acid Attack)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২০ বছর বয়সি দ্বিতীয় বর্ষের ছাত্রী অতিরিক্ত ক্লাসের জন্য কলেজে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিন যুবক বাইকে চেপে এসে তাঁর পথ রোধ করে। তাঁদের মধ্যে এক জন অপর জনের হাতে অ্যাসিড ভর্তি বোতল তুলে দেয়, এবং মুহূর্তের মধ্যে তরুণীর গায়ে ছুড়ে মারে অ্যাসিড।

পূর্বপরিচিত অভিযুক্তেরা (Delhi Acid Attack)
পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তই তরুণীর পূর্বপরিচিত এবং একই এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে এক যুবক দীর্ঘ দিন ধরে ওই তরুণীকে অনুসরণ করতেন। প্রায় এক মাস আগে এই বিষয় নিয়ে তরুণী ও অভিযুক্ত যুবকের মধ্যে তর্কাতর্কিও হয়। পুলিশ মনে করছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই এ দিন এমন নৃশংস হামলা চালানো হয়েছে।

ভয়াবহ শারীরিক আঘাত (Delhi Acid Attack)
অ্যাসিড সরাসরি তরুণীর মুখ লক্ষ্য করে ছোঁড়া হলেও, হাত তুলে মুখ বাঁচানোর চেষ্টা করেন তিনি। ফলে তাঁর দু’হাত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁর হাতে গভীর ক্ষতচিহ্ন রয়ে গেছে।

পুলিশের তদন্ত শুরু (Delhi Acid Attack)
ঘটনার পর থেকেই দিল্লি পুলিশ সক্রিয় ভূমিকা নেয়। অভিযুক্ত তিন যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। দিল্লি পুলিশের অপরাধদমন শাখা এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে। তরুণীর বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি পরিকল্পিত হামলা।
আরও পড়ুন: Artificial Intelligence Job: ফ্রেশারদের জন্য কি ফের খুলছে আইটি সংস্থার দরজা?
নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন
দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে এই ঘটনার পর। রাজধানীর মতো শহরে কলেজপথে অ্যাসিড হামলা, সেটিও দিবালোকে সমাজে নারীদের নিরাপত্তা ব্যবস্থার চিত্র ফের স্পষ্ট করে তুলেছে। এনজিও ও নারী অধিকার কর্মীরা ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।



