Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণ হওয়া গাড়ির সন্দেহভাজন চালকের মাকে তলব করল পুলিশ (Delhi Car Blast)। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় ডিএনএ টেস্টের জন্য তাঁকে তলব করা হয় বলে জানিয়েছেন আধিকারিকরা।

সন্দেহভাজনের মায়ে ডিএনএ টেস্ট (Delhi Car Blast)
বিস্ফোরণ স্থলে পাওয়া দেহাংশের সঙ্গে মিল খুঁজতে সন্দেহভাজন ব্যক্তির মায়ের ডিএনএ টেস্টের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। জম্মু কাশ্মীরের পুলওয়ামার কোইল গ্রামের বাসিন্দা ডক্টর উমর নবি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই টোয়েনটি গাড়িটি চালাচ্ছিলেন বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। লাল কেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে বিস্ফোরণ ঘটে ১২ জনের মৃত্যু হয়েছে।
আটক গাড়ি কেনাবেচায় যুক্ত ৩ জন (Delhi Car Blast)
সন্দেহভাজনের দুই ভাই মাকে সঙ্গে নিয়ে হাসপাতালে যায়। আধিকারিকরা জানিয়েছেন তিনজন ব্যক্তি যারা বিস্ফোরণে যুক্ত গাড়িটির কেনাবেচায় যুক্ত ছিল তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ফরিদাবাদেই ছিল বিস্ফোরণ হওয়া গাড়ি (Delhi Car Blast)
সোমবার সকাল সাড়ে ৭টায় দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে দেখা গিয়েছিল গাড়িটিকে। সকাল ৮টা ১৩ মিনিটে বদরপুর টোল বুথ পেরিয়ে দিল্লিতে ঢোকে গাড়িটি। একটি পেট্রল পাম্পে থাকা সিসি ক্যামেরায় গাড়িটিকে সকাল ৮টা ২০ মিনিটে দিল্লির ওখলা এলাকায় মোদী মিলের সামনে দেখা গিয়েছে।
দুপুরেই পার্কিং লটে ঢোকে গাড়ি
দিল্লি পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে, দুপুর ৩টে ১৯ মিনিটে লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে ঢোকে গাড়িটি। সেখান থেকে বেরোয় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। ৬টা ৫২ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে যে, গাড়িটি যখন পার্কিং লট থেকে বেরোয় তখন রাস্তায় যানজট ছিল। সিসি ক্যামেরার ফুটেজেও গাড়িটিকে ধীরগতিতে এগোতে দেখা যায়।



