Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সঙ্কটের মধ্যেই ফের বড় ধাক্কা খেল উড়ান সংস্থা ইন্ডিগো। বড় পদক্ষেপ নিল ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। প্রাথমিক তদন্তে নজরদারিতে গুরুতর ত্রুটি ধরা পড়ায় ইন্ডিগোর ফ্লাইট অপারেশন ও সেফটি কমপ্লায়েন্স তদারকির দায়িত্বে থাকা চারজন ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টরকে (FOI) বরখাস্ত করা হয়েছে(DGCA)।
কী বলছে DGCA-র রিপোর্ট? (DGCA)
রিপোর্টে জানা গিয়েছে, পরিদর্শকরা ইন্ডিগোর রুটিন অপারেশন চেক, সেফটি মনিটরিং ও কমপ্লায়েন্স প্রক্রিয়া পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। তাদের নজরদারির গাফিলতিতেই ইন্ডিগোর সাম্প্রতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে ডিজিসিএর প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ডিজিসিএর আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কড়া নজরদারি DGCA-র
ইন্ডিগোর ব্যাপক ফ্লাইট বাতিল ও বিশৃঙ্খলার পর নজরদারি জোরদার করেছে ডিজিসিএ। সংস্থার কর্মকর্তারা এখন ইন্ডিগোর গুরগাঁও সদর দপ্তরে বসে প্রতিদিনের অপারেশন—ফ্লাইট বাতিল, ক্রু নিয়োগ, রিফান্ড প্রক্রিয়া ও রুট ব্যবস্থাপনা—সরাসরি দেখাশোনা করছেন। দুই সদস্যের একটি বিশেষ প্যানেল প্রতিদিনের অপারেশন শারীরিকভাবে মনিটর করছে, যা এককথায় নজিরবিহীন বলে জানা গিয়েছে।
পরিকল্পনায় ত্রুটি, বিপর্যস্ত ব্যবস্থা
নভেম্বরের ১ তারিখ থেকে নতুন পাইলট ডিউটি ও বিশ্রামবিধি চালু হওয়ায় পরিকল্পনায় বড়সড় ত্রুটি দেখা দেয়, যা ইন্ডিগোর অপারেশন পুরোপুরি বিপর্যস্ত করে দেয়। বৃহস্পতিবার দিল্লি ও বেঙ্গালুরু মিলিয়ে ২০০-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।
উড়ান কমাতে নির্দেশ (DGCA)
অবস্থা সামাল দিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে শীতকালীন সময়সূচিতে ১০ শতাংশ উড়ান কমাতে নির্দেশ দেয়। সাধারণত দৈনিক ২,৩০০ ফ্লাইট পরিচালনা করে ইন্ডিগো। সংস্থা জানিয়েছে, তারা বর্তমানে প্রায় ১,৯৫০ ফ্লাইট চালাতে পারবে এবং ৩ লাখ যাত্রী পরিবহন করবে। যদিও সারা দেশে এখনও বাতিলের ধারা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: IMF Pakistan: আইএমএফের ১১ নতুন শর্তে চাপে পাকিস্তান: ১৮ মাসে মোট ৬৪ শর্ত আরোপ
ইন্ডিগোর সিইও-কে তলব (DGCA)
এদিকে, সঙ্কটের কারণ জানতে ডিজিসিএর তদন্ত প্যানেল বৃহস্পতিবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে কয়েক ঘণ্টা জেরা করেছে। তাকে ফের শুক্রবার হাজির হতে বলা হয়েছে।



