Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: তৈরি হওয়ার কথা ছিল দীর্ঘদিনের জন্য। কিন্তু রাস্তা তৈরির ছয় মাস কাটতে না কাটতেই উঠতে শুরু করে পিচের চাদর (Dhupguri)। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা আরও ভয়াবহ আকার নিয়েছে। কোথাও পিচ নেই, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলিই এখন পরিণত হয়েছে দুর্ভোগের ফাঁদে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
গর্তগুলি বিপজ্জনক হয়ে উঠেছে (Dhupguri)
বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মসজিদপাড়া এলাকা থেকে কচিমুদ্দিনমোড় পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তার বর্তমান চেহারা কার্যত কঙ্কালসার। স্থানীয়দের অভিযোগ, আগের সরকারের আমলে তৈরি হওয়া এই রাস্তার কাজের গুণগতমান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তাঁদের দাবি, রাস্তা তৈরির মাত্র ছয় মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় পিচের আস্তরণ উঠতে শুরু করে। বর্তমানে রাস্তার একাধিক অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
সমস্যায় পড়ছে পড়ুয়ারা (Dhupguri)
এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন এলাকার বহু মানুষ। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ বাসিন্দা, স্কুলপড়ুয়া এবং অসুস্থ রোগীরা। স্থানীয়দের অভিযোগ, কোনও মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে ভাঙাচোরা রাস্তার কারণে সমস্যায় পড়তে হয় রোগীর পরিবারের সদস্যদের। একইভাবে প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় সমস্যায় পড়ছে পড়ুয়ারাও।
দ্রুত নষ্ট হচ্ছে রাস্তা (Dhupguri)
রাস্তার বেহাল দশার জন্য শুধু নিম্নমানের কাজ নয়, অতিরিক্ত ভারী যানবাহনের অবাধ চলাচলকেও দায়ী করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, গ্রামের রাস্তা দিয়ে নিয়মিত ডাম্পার, লরি-সহ অতিরিক্ত ভারী যান চলাচল করছে। গ্রামের রাস্তা দিয়ে এমন ভারী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ। তাঁদের দাবি, ভারী যান চলাচলের চাপেও দ্রুত নষ্ট হচ্ছে রাস্তা।
সত্যতা যাচাই করা সম্ভব (Dhupguri)
রাস্তার কাজের বরাত নিয়েও স্থানীয়দের একাংশ গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, স্থানীয় এক তৃণমূল নেতার সঙ্গে যুক্ত ব্যক্তি এই রাস্তার কাজের বরাত পেয়েছিলেন। তিনি এলাকার এক পঞ্চায়েত সদস্যের স্বামী বলেও দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। এমনকী রাস্তার কাজে অনিয়ম বা কাটমানির অভিযোগও উঠছে। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আশঙ্কা করছেন তাঁরা (Dhupguri)
স্থানীয়দের বক্তব্য, যে রাস্তা অন্তত কয়েক বছর টিকে থাকার কথা, সেটি তৈরির কয়েক মাসের মধ্যেই নষ্ট হতে শুরু করা অত্যন্ত গুরুতর বিষয়। রাস্তার বর্তমান পরিস্থিতিতে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
আরও পড়ুন: Howrah: স্বাধীনতা দিবসের আগে আঁটোসাঁটো হাওড়া
সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন
সরকার পরিবর্তনের পর এবার রাস্তা সংস্কার নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন বারঘড়িয়ার বাসিন্দারা। তাঁদের দাবি, প্রশাসনের তরফে দ্রুত রাস্তা পরিদর্শন করে সংস্কারের ব্যবস্থা করা হোক। পাশাপাশি রাস্তা তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার বা কোনও ধরনের অনিয়ম হয়ে থাকলে তারও তদন্ত করা হোক। বারঘড়িয়ার মানুষের একটাই দাবি দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নিক প্রশাসন।



