Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Dona Ganguly) উদ্বোধনী অনুষ্ঠানে ওডিশি নৃত্য পরিবেশন করেছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও সুপরিচিত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। কিন্তু সাংস্কৃতিক এই পরিবেশনার পর থেকেই ডোনাকে লক্ষ্য করে একাংশ সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করতে শুরু করে। পরিস্থিতি এতটাই প্রকট হয়ে ওঠে যে শুক্রবার সকালে সরাসরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর ঠাকুরপুকুর থানায় FIR রুজু করে তদন্ত শুরু হয়েছে।
সোশ্যাল প্ল্যাটফর্মে অশালীন মন্তব্য (Dona Ganguly)
দীর্ঘদিন ধরে ওডিশি নাচের সঙ্গে যুক্ত ডোনা (Dona Ganguly)। তাঁর নাচের স্কুল ‘দীক্ষামঞ্চরী’ বহুদিন ধরে কলকাতার অন্যতম পরিচিত প্রতিষ্ঠান। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তিনি পরিবেশনা করে আসছেন অনেক বছর ধরে। ভারতীয় ধ্রুপদী নৃত্যচর্চার সঙ্গে তাঁর চার দশকের সম্পর্ক। কিন্তু চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁর সাম্প্রতিক নাচ ঘিরে কিছু ব্যক্তি সোশ্যাল প্ল্যাটফর্মে অশালীন মন্তব্য করেন।

মর্মাহত ডোনা (Dona Ganguly)
ডোনা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়ায় শুধু তাঁর নাচের সমালোচনা নয় (Dona Ganguly), বরং তাঁর শারীরিক গঠন নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছে-যা স্পষ্ট ‘বডি শেমিং’-এর অন্তর্গত। কিছু মন্তব্যে তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত সম্মান, পেশাগত মান ও সামাজিক অবস্থানকেও আঘাত করেছে। এমনকি কেউ কেউ দাবি করেছেন যে, তাঁর নাচ নাকি ধ্রুপদী শৈলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তিনি দর্শকদের বিভ্রান্ত করছেন-এই ধরনের মন্তব্যে মর্মাহত হয়েছেন তিনি।
নাচের ভিডিও এবং ছবি ব্যবহার করে কটাক্ষ
ডোনার অভিযোগে আরও বলা হয়েছে, একটি নির্দিষ্ট ফেসবুক পেজ থেকেই বারবার তাঁর বিরুদ্ধে এই অপমানজনক মন্তব্য ছড়ানো হচ্ছে। সেই পেজে তাঁর নাচের ভিডিও এবং ছবি ব্যবহার করে তাঁকে কটাক্ষ করা হয়েছে। শিল্পীর ভাষায়, এই ধরনের মন্তব্য শুধু তাঁর ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে না, বরং একজন শিল্পী হিসাবে তাঁর চার দশকের পরিশ্রম, শিক্ষা এবং নিষ্ঠাকেও অসম্মান করছে। তিনি স্পষ্টভাবে জানান, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ কোনও নারীর পক্ষেই অপমানকর এবং তা বরদাস্ত করার মতো নয়।
প্রয়োজনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে নোটিস
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তারা সমাজ মাধ্যমের ওই নির্দিষ্ট পেজ এবং মন্তব্যকারীদের পরিচয় যাচাই করছে। ঠিক কোন অ্যাকাউন্ট বা পেজ থেকে এই কটূক্তির সূত্রপাত, তা চিহ্নিত করতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকেও নোটিস পাঠানো হতে পারে।

আরও পড়ুন: Shani Margi 2025: শনি হলেন মার্গী, বদলাবে ৫ রাশির ভাগ্যের মোড়!
শিল্পী মহলের মতে, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীকে অপমান করার চেষ্টা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে।



