Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: ২১ জুলাইয়ের আগে ধর্মতলার ভিক্টোরিয়া (Calcutta High Court) হাউজ চত্বরে কেন ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ? পুলিশের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। সাংসদ ডেরেক ও’ব্রায়েন সোমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করলে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।
৩০ আগস্ট পর্যন্ত ভিক্টোরিয়া হাউজের সামনে ১৬৩ ধারা (Calcutta High Court)
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে যে কোনও ধরনের সভা (Calcutta High Court), সমিতি, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ওই চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (আগে যা ছিল ১৪৪ ধারা) জারি করেছে কলকাতা পুলিশ। প্রতিবছর ওই ভিক্টোরিয়া হাউজের সামনেই ২১ জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান করে তৃণমূল কংগ্রেস। এবারও সেই জায়গাতেই শহীদ দিবসের অনুষ্ঠান করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় কালীঘাট তৃণমূল। কিন্তু পুলিশ সেখানে ২ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করায়, অনুমতি মেলেনি। তাই কোথায় সেই অনুষ্ঠান হবে, তাই নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। ভিক্টোরিয়া হাউজের সামনের চত্বরে দু’মাস ধরে পুলিশের ১৬৩ ধারা জারি করার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল। সাংসদ ডেরেক ও’ব্রায়েন বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করলে কালীঘাট তৃণমূলকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি।
তৃণমূলের আইনজীবীর দাবি (Calcutta High Court)
আদালতের দৃষ্টি আকর্ষণ করে কালীঘাট তৃণমূলের (Calcutta High Court) আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশের এই নিষেধাজ্ঞা জারিকে অধিকারের পরিপন্থী বলে দাবি করেন। এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপেরও দাবি জানান তিনি। তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য্য মামলা দায়েরের অনুমতি দেন। আগামী বুধবার তৃণমূলের এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা
তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যাওয়ার পর, ইতিমধ্যে ঋতব্রত পন্থী তৃণমূল এবং কালীঘাট তৃণমূল- দুই পক্ষই ২১ জুলাইয়ের শহীদ দিবস ভিক্টোরিয়া হাউজের সামনে করার জন্য পুলিশের কাছে আবেদন জানায়। পুলিশ দু’পক্ষকেই জানিয়ে দেয় ২১ জুলাইয়ের অনুষ্ঠান ধর্মতলা চত্বরে করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বিকল্প জায়গা হিসেবে তাঁদের গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করার অনুমতি পুলিশ দিয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল কোথায় একুশে জুলাইয়ের অনুষ্ঠান করবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ এর মধ্যেই পুলিশ নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত ভিক্টোরিয়া হাউজ চত্বরে ১৬৩ ধারা জারি থাকবে। ৬০ দিনের জন্য ভিক্টোরিয়া হাউজের সামনে কেন পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে? পুলিশের এই নিষেধাজ্ঞার নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
মমতা অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের
উল্লেখ্য, ভিক্টোরিয়া হাউজের সামনে গত বছর একুশে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান করার জন্য ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের হয়েছে হাইকোর্টে। হাইকোর্ট তাঁদের নোটিশ পর্যন্ত পাঠায়।
২০১৮ সালে তৃণমূল কংগ্রেস সহ ৩৮ টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চপর্যবেক্ষণ ছিল, যেকোনো রাজনৈতিক দলের বড় কোনও সভা বা মিছিল হলে রাস্তায় ব্যাপক যানজট হয়। তাতে চরম হয়রানের শিকার হতে হয় নিত্যযাত্রী এবং সাধারণ মানুষকে। অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবাও ব্যাহত হয়। রাজনৈতিক সভা ও মিছিলের জন্য জনজীবনকে এইভাবে স্তব্ধ করে দেওয়া যায় না।
সেই সময় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজনৈতিক মিটিং করার জন্য কোনও বড় বা প্রধান রাস্তা বন্ধ করা যাবে না। জরুরী পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। তা সংবাদমাধ্যমে জানিয়ে আগে থেকে জনগণকে জানিয়ে রাখতে হবে। রাস্তার একটি অংশ সব সময় পথচারী এবং যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে। রাজনৈতিক মিটিং মিছিল থেকে কোনও অশান্তি বা ভাঙচুরের ঘটনা ঘটলে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
অভিযোগ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরও গত বছর ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অভিযোগে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায়। এই ব্যাপারে তাঁদের বক্তব্য আদালতে দ্রুত জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আবারও একুশে জুলাইয়ের অনুষ্ঠান স্থল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল।


