Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল খেলায় গোল হলে গ্যালারি ফেটে পড়ে উল্লাসে (Football)। কিন্তু বল যদি গোলপোস্ট ছেড়ে সোজা হাইওয়েতে গিয়ে গাড়ি কুপোকাত করে, তবে উল্লাসের বদলে কপালে হাত পড়তে বাধ্য! উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের এক ম্যাচে ঠিক এই ঘটনাই ঘটিয়ে ছাড়লেন এক অতি উৎসাহী ডিফেন্ডার। বল ক্লিয়ার করতে গিয়ে তিনি যা শট মারলেন, তাতে ফুটবল গড়াল না, যেন আস্ত একটা উল্কাপিন্ড আছড়ে পড়ল রাজপথে!
ফুটবলের ধাক্কা! (Football)
ঘটনাটি ঘটেছে গত শনিবার, উরুগুয়ে মন্টেভিডিয়ো এবং পায়সন্দুর মধ্যকার ম্যাচে। স্টেডিয়ামটি আবার এমন জায়গায় অবস্থিত, যার ঠিক পাশেই রমরমা রাজপথ। খেলা তখন ২৪ মিনিটে গড়িয়েছে। সব ঠিকঠাকই চলছিল, এমন সময় বিপদের ঘণ্টা বাজালেন এক ডিফেন্ডার। নিজের বক্সে বিপদমুক্ত করতে গিয়ে তিনি এমন এক মহাজাগতিক শট হাঁকালেন যে বল স্টেডিয়ামের সীমানা পার হয়ে সটান গিয়ে পড়ল ব্যস্ত রাস্তায়।
আরও পড়ুন: Messi Miami: মেসির পিতৃ বিয়োগের শোক পালন মায়ামিতে, বন্ধুকে শ্রদ্ধা ডি পলের
আর যায় কোথায়! রাস্তায় তখন গাড়ির ভালোই জ্যাম। আচমকা আকাশ থেকে বল নামতে দেখে এক সাদা গাড়ির চালক তো ঘাবড়েই গেলেন। ফুটবলটাকে সসম্মানে রাস্তা ছাড়তে তিনি সঙ্গে সঙ্গে এমন কষা ব্রেক কষলেন যে গাড়িটি থেমে গেল এক সেকেন্ডে। কিন্তু বিপদ বাঁধাল পিছনের গাড়িটি! সামনের গাড়ি যে এভাবে ‘বল-ভয়ে’ থমকে যাবে, তা চালক ঘুণাক্ষরেও টের পাননি। ফলে যা হওয়ার তাই হলো—সামনের গাড়ির পিছন দিকটা চুমু খেল পিছনের গাড়ির বোনোটকে! সৌভাগ্যবশত, স্পিড কম থাকায় বড়সড় ক্যাজুয়ালটি এড়ানো গেছে। হাড়গোড় অক্ষত আছে সবার, শুধু গাড়ির মন মেজাজ ও মেটালিক বডি কিছুটা দুমড়ে-মুচড়ে গেছে।
ক্যামেরাবন্দী মুহূর্ত (Football)
এই অভাবনীয় দৃশ্য আবার ধরা পড়েছে ম্যাচের লাইভ ব্রডকাস্টে। ফলস্বরূপ, ইন্টারনেটে সেই ভিডিও এখন সুপারহিট! এদিকে রেফারি মহাশয় তো বটেই, মাঠে থাকা একাত্তরটা চোখও তখন গোল গোল। পরিস্থিতি বেগতিক দেখে রেফারি বাধ্য হলেন খেলা সাময়িক স্থগিত রাখতে। রাস্তা থেকে বল উদ্ধার হলো এবং যাত্রীরা সকলে সুস্থ আছেন জেনেই তবে মাঠের বাঁশি বাজালেন তিনি।
ম্যাচের ফলফাল (Football)
শেষে অবশ্য খেলা গড়াল নিজের নিয়মেই, ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিল মন্টেভিডিয়ো (Football)। তবে ডিফেন্ডার মশাই গোল বাঁচানোর চক্করে যে রাস্তায় রীতিমতো ‘ট্রাফিক জ্যাম’ ও দুর্ঘটনা ঘটিয়ে দিলেন, তা ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন! মাঠে ফাউল, জলের বিরতি তো হামেশাই দেখা যায়, কিন্তু ‘পথ দুর্ঘটনা ব্রেক’ এই প্রথম দেখল ফুটবল বিশ্ব!



