Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের জয়পুর-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মডেল তথা অভিনেত্রী হর্ষিল কালিয়া-র (Harshil Kalia Death)। মঙ্গলবার গভীর রাতে শিপ্রাপথ এলাকার কাছে ঘটে এই দুর্ঘটনা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হর্ষিল। সেই সময় আচমকাই তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি (Harshil Kalia Death)
গাড়িটি এত জোরে ধাক্কা মারে যে সামনের অংশটি প্রায় দুমড়ে-মুচড়ে গাড়িটি উল্টে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েছিলেন হর্ষিল। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে গাড়ির কাচ ভেঙে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, হর্ষিলের মাথায় গুরুতর আঘাত লেগেছিল এবং শরীরের অন্যান্য অংশেও চোট ছিল। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে (Harshil Kalia Death)
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে অন্য কোনও গাড়ির ধাক্কা বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল এবং হর্ষিল আদৌ নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
প্রসঙ্গত, হর্ষিল কালিয়া মডেলিং ও অভিনয় জগতে ক্রমশ নিজের জায়গা তৈরি করছিলেন। তিনি ক্রাইম নেক্সট ডোর ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পান। পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ সঞ্চালক হিসেবেও কাজ করতেন। তাঁর সাবলীল উপস্থাপনা এবং পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল।
এ ছাড়াও একাধিক জনপ্রিয় রাজস্থানি গানের মিউজিক ভিডিওতে প্রধান অভিনেত্রী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। মডেলিং জগতেও তিনি দ্রুত সাফল্য অর্জন করছিলেন এবং সম্প্রতি বেশ কয়েকটি নতুন প্রজেক্টে কাজ শুরু করেছিলেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে (Harshil Kalia Death)
হর্ষিলের বাবা একজন সাংবাদিক এবং একটি বেসরকারি সংবাদপত্রের সঙ্গে যুক্ত। মেয়ের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে। আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ মহলেও নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে শহরের সড়ক নিরাপত্তা এবং রাতের বেলা দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, ওই এলাকায় আগে থেকেও একাধিক দুর্ঘটনা ঘটেছে, ফলে সেখানে আরও কঠোর নজরদারি প্রয়োজন। তরুণী এই মডেল-অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। সহকর্মী থেকে অনুরাগী—সকলেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



