Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা টেলিভিশনের জগতে ফের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলল (Jagadhatri Serial)। একদিকে নতুন ধারাবাহিকের আগমন, অন্যদিকে বহুদিনের জনপ্রিয় সিরিয়ালের সময় পরিবর্তন কিংবা আকস্মিক পরিসমাপ্তি সব মিলিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। ‘বেশ করেছি প্রেম করেছি’, ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’ তিন ধারাবাহিককে কেন্দ্র করে এখন উত্তেজনার চূড়ায় টেলিভিশন দুনিয়া।

জেন জি প্রেমের গল্প নিয়ে নতুন সূচনা (Jagadhatri Serial)
আগামী ৮ ডিসেম্বর থেকে সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। চ্যানেলের তরফে প্রকাশিত প্রোমোতে জানানো হয়েছে, সিরিয়ালটি দেখা যাবে সন্ধ্যা ৭টায়, যা এতদিন ‘জগদ্ধাত্রী’-র স্লট ছিল। জেন জি প্রজন্মের প্রেম, সম্পর্ক, সংঘাত ও আধুনিক মানসিকতার টানাপড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ধারাবাহিকের মূল কাহিনি। ধারাবাহিকটির নায়িকা হিসেবে থাকছেন মেহেক (কৌশিকী পাল) যিনি ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর বিপরীতে থাকছেন রাজদীপ গোস্বামী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী দত্ত ও ভরত কল-কে। নতুন তারকা জুটির রসায়ন এবং গল্পের আধুনিক আবেদন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সময় বদলাল, গল্পেও নতুন মোড় (Jagadhatri Serial)
নতুন ধারাবাহিকের জন্য নিজের স্লট ছাড়তে হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’-কে। তবে সিরিয়ালটি শেষ হচ্ছে—এমন আশঙ্কা প্রথম থেকেই ছড়ালেও প্রোমো আসতেই পরিষ্কার হয়েছে, ‘জগদ্ধাত্রী’ শেষ হচ্ছে না, বরং সময় বদলাচ্ছে। ৮ ডিসেম্বর থেকে ‘জগদ্ধাত্রী’ দেখা যাবে সন্ধ্যা ৭টার বদলে সাড়ে ৭টায়।

নতুন সময়ের সঙ্গে নতুন গল্পের পর্ব (Jagadhatri Serial)
‘জগদ্ধাত্রী’-র নতুন প্রোমো স্পষ্ট জানিয়ে দিয়েছে, নায়িকা জ্যাস সান্যালের জীবনে আসছে নতুন ঝড়। পুলিশ অফিসারের কঠিন দায়িত্ব সামলানো ছাড়াও এখন তাঁকে সামলাতে হবে মা, শাশুড়ি, পুত্রবধূ এই তিনটি বৃহৎ দায়িত্ব। স্বয়ম্ভু ও কৌশিকী আগের মতোই তাঁর পাশে থাকলেও ঘরের শত্রুরা তাঁদের জীবনকে আরও কঠিন করে তুলতে পারে।
টিআরপি-র পতনই কি সময় বদলের কারণ?
একসময় টিআরপিতে শীর্ষে থাকা ‘জগদ্ধাত্রী’ সাম্প্রতিক সপ্তাহে কিছুটা রেটিং হারিয়েছে। ফলে সময় পরিবর্তন নিয়ে ফিসফাস,
টিআরপি ফেরাতে কি চ্যানেলের এই সিদ্ধান্ত? তবে কর্তৃপক্ষ এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
‘ফুলকি’র যাত্রা থামল (Jagadhatri Serial)
সবচেয়ে বড় ধাক্কা এসেছে জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’-র ভক্তদের জন্য। নতুন ধারাবাহিকের আগমনে শেষ হয়ে যাচ্ছে ‘ফুলকি’, যা চলবে মোট ৯০০ পর্ব পর্যন্ত। ধারাবাহিকটি ২৮ বা ২৯ নভেম্বর ফ্লোরে যাবে শেষবারের মতো। দর্শকদের মতে, আকস্মিক এই সিদ্ধান্ত আশ্চর্যজনক, কারণ ‘ফুলকি’ দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা পেয়েছে। দিব্যাণীর আবেগঘন প্রতিক্রিয়া ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা দিব্যাণী জানিয়েছেন, “ভাল লাগছে, আবার মনও খারাপ। কারণ ‘ফুলকি’ আমার প্রথম কাজ। আমার প্রথম জীবন-যাত্রা। এখানে ১৩–১৪ ঘণ্টা কাটিয়েছি। এটাই আমার প্রথম বাড়ি হয়ে উঠেছিল।” তিনি আরও বলেন, “শেষ দিন কী হবে জানি না। সবাইকে খুব মিস করব। তবে শুরু যেখানে, শেষ তো একদিন হবেই—তা জানতাম। তবু এতদিন দর্শকের ভালোবাসা এটা খুব বড় পাওনা।”
আরও পড়ুন: Sholay Screening Cancelled: শেষমুহূর্তে কেন থেমে গেল ‘শোলে’-র গোল্ডেন জুবিলি স্ক্রিনিং?
দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া
নতুন ধারাবাহিকের আগমনে যেখানে একদল দর্শকের মধ্যে উত্তেজনা, সেখানে অন্যদিকে ‘ফুলকি’-র আকস্মিক সমাপ্তি নিয়ে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে। অনেকেই মনে করছেন, টিআরপি এবং নতুন গল্পের প্রয়োজনে পুরনো সিরিয়ালকে ছেঁটে ফেলার এই প্রবণতা ক্রমেই বাড়ছে। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’-র সময় পরিবর্তনেও কিছু দর্শক অসন্তোষ জানিয়েছেন, কারণ পুরনো সময় তাঁদের অভ্যাসে পরিণত হয়েছিল। তবে সময়ই বলে দেবে, নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ ঠিক কতটা দর্শকের মন জয় করতে পারে এবং ‘জগদ্ধাত্রী’-র পুনরুত্থান হয় কি না।



