Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট(Jahangir HC)।
অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ প্রত্যাহার (Jahangir HC)
মঙ্গলবার জাহাঙ্গিরের রক্ষাকবচের আবেদনের মামলায় বিচারপতি পার্থসারথি সেন জানান, গত ১৮ মে হাইকোর্ট জাহাঙ্গির খানকে যে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। জাহাঙ্গিরের বিরুদ্ধে যে কটি এফআইআর দায়ের হয়েছিল, সেই সমস্ত মামলাতেই রক্ষাকবচ তুলে নেওয়া হল। ফলে এবার জাহাঙ্গিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত করতে বা গ্ৰেফতার আর কোনও বাধা রইল না।
জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রায় ৭ এফআইআর
নির্বাচনের আগেই জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রায় সাতটি এফআইআর দায়ের হয়। তাঁকে পুরনো এবং মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগ করে এবং গ্রেফতারের আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী। জাহাঙ্গিরের আবেদনে সারা দিয়ে ২৬ মে পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
ভোটের লড়াই থেকে সরার ঘোষণা
ফলতায় পুনর্নির্বাচনের আগেই গত মঙ্গলবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন জাহাঙ্গির। তারপরই গত বুধবার জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য ২৬ মে পর্যন্ত জাহাঙ্গিরের রক্ষাকবচের নির্দেশ বহাল রাখেন।
নিয়মিত বেঞ্চে মামলা
১৮ মে কলকাতা হাইকোর্টের জাহাঙ্গিরকে দেওয়া রক্ষাকবচ আগামী বুধবারই শেষ হচ্ছে। সেই জন্য মঙ্গলবার সেই মামলা ওঠে হাইকোর্টে। কিন্তু এদিন সকালে যখন মামলাটি ওঠে তখন কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মামলাটি পাঠানো হয় নিয়মিত বেঞ্চে।
রক্ষাকবচ বহাল থাকার কারণ নেই (Jahangir HC)
বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে এদিন রিপোর্ট জমা দেয় পুলিশ। সেই রিপোর্ট দেখে বিচারপতি সেনের পর্যবেক্ষণ, ‘যেহেতু জাহাঙ্গির খান নির্বাচনে প্রার্থী ছিলেন, তাই তাঁকে নির্বাচনের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তিনি এফআইআর খারিজের কোনও আবেদন করেননি। তাই মামলাকারীর রক্ষাকবচ বহাল থাকার কোনও কারণ নেই। পুলিশ যে রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে জাহাঙ্গির খানের বিরুদ্ধে তদন্ত করা যাবে। তাহলে মামলাকারীর রক্ষাকবচ কেন বহাল থাকবে?’
আরও পড়ুন: India Monsoon: তীব্র গরমে খারাপ খবর: ভারতে দেরিতে আসতে পারে বর্ষা, বাড়ছে উদ্বেগ
রক্ষাকবচ প্রত্যাহার করার নির্দেশ (Jahangir HC)
এর জবাবের জন্য কিছুটা সময় চান জাহাঙ্গির খানের আইনজীবী কিশোর দত্ত। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ আবারও এই মামলার শুনানি হয়। তারপরই আদালতের জাহাঙ্গির খানকে দেওয়া সমস্ত রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের ফলে জাহাঙ্গিরের গ্রেফতারিতে আর কোনও বাধা রইল না।



