Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মাওবাদীদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে আহত কোবরা বাহিনীর পাঁচ জওয়ান (Jharkhand)। ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গল-এ মাওবাদী বিরোধী অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে আহত জওয়ানরা সকলেই বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ।

জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দ (Jharkhand)
পুলিশ সূত্রে খবর, বুধবার পশ্চিম সিংভূম জেলা-র সারান্ডা জঙ্গলের ছোট নাগরা থানার অন্তর্গত এলাকায় মাওবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট খবর পায় নিরাপত্তা বাহিনী। সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয় যৌথ অভিযান। অভিযানে অংশ নেয় কেন্দ্রীয় বাহিনীর কোবরা ইউনিট এবং রাজ্য পুলিশ।
দ্রুত চিকিৎসায় স্থিতিশীল অবস্থা (Jharkhand)
অভিযান চলাকালীন আচমকাই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। জঙ্গলের ভিতর থেকে শুরু হয় এলোপাথাড়ি গুলিবর্ষণ। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই, যা কয়েক ঘণ্টা ধরে চলে বলে জানা গিয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ চলেছে বলে সূত্রের খবর।

মাওবাদীদের হতাহতের আশঙ্কা (Jharkhand)
ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) মাইকেলরাজ এস জানিয়েছেন, গুলির লড়াইয়ে আহত পাঁচ জওয়ানকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা বিপদমুক্ত। সংঘর্ষ থামার পর থেকেই গোটা এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে।
শীর্ষ নেতা মিসির বেসরা (Jharkhand)
পুলিশের দাবি, এই এনকাউন্টারে বেশ কয়েকজন মাওবাদীও আহত হয়েছে। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার জানিয়েছেন, তল্লাশি অভিযান শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। যদিও পুলিশের একটি সূত্রের মতে, গুলির লড়াইয়ে একাধিক মাওবাদীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বুধবার গভীর রাত পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার হয়নি।
মাওবাদীদের পুরনো ঘাঁটি (Jharkhand)
উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশকে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করেছিল। সেই ঘোষণার পর এই ঘটনাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বাস্তবে এখনও দেশের কিছু দুর্গম জঙ্গলাঞ্চলে মাওবাদীদের উপস্থিতি রয়েছে। তার মধ্যে অন্যতম এই সারান্ডা জঙ্গল, যা দীর্ঘদিন ধরেই মাওবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্য ছিল শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা-কে খুঁজে বের করা। দীর্ঘদিন ধরেই তিনি নিরাপত্তা বাহিনীর ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন। তাঁর মাথার দাম এক কোটি টাকা বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর ছিল, তিনি ও তাঁর সঙ্গীরা সারান্ডা জঙ্গলের ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে।
আরও পড়ুন: US Flight: একদিনেই বাতিল হাজারের বেশি উড়ান: ভ্রমণ মরসুমে আমেরিকায় চরম যাত্রী দুর্ভোগ
নিরাপত্তা জোরদার
নিরাপত্তা বাহিনীর অভিযানের খবর পেয়ে মাওবাদীরা এলাকা ছাড়ার চেষ্টা করছিল বলেও অনুমান পুলিশের। সেই সময়ই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। জঙ্গলের মারাং পোঙ্গা এবং বাবিলা গ্রামের মধ্যবর্তী এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সেখান থেকেই গুলির লড়াইয়ের সূত্রপাত।
বর্তমানে গোটা এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। জঙ্গলের ভিতরে এখনও তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, ওই এলাকায় আরও মাওবাদী সদস্য লুকিয়ে থাকতে পারে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।



