Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার কাশীপুর অঞ্চলের জ্যোতিনগর বস্তি গত এক মাসেরও বেশি সময় ধরে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে (Kashipur)। বস্তিবাসীদের অভিযোগ, উচ্ছেদের সম্ভাবনার পাশাপাশি তাঁদের নিত্যদিনের জীবনও চরম সংকটের মুখে পড়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ রাখা হয়েছে পানীয় জলের সরবরাহ। এমনকি বেশ কিছু দিন বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন ছিল বলে অভিযোগ। ফলে প্রবল সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে বস্তির সাধারণ মানুষকে।
আদালতের হস্তক্ষেপে সাময়িক স্বস্তি (Kashipur)
উচ্ছেদের বিরুদ্ধে আইনি লড়াইও শুরু হয়েছে। আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং সামিম আহমেদের সওয়ালের পর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে আপাতত উচ্ছেদ সাময়িকভাবে রোখা সম্ভব হয়েছে। তবে বস্তিবাসীদের বক্তব্য, এতে সংকট পুরোপুরি কাটেনি। উচ্ছেদের আশঙ্কা এখনও তাঁদের মাথার উপর রয়েছে। ফলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন বহু পরিবার।
ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন, সরব সংগঠন (Kashipur)
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এই ঘটনাকে সাধারণ শ্রমজীবী ও দরিদ্র মানুষের অস্তিত্বের লড়াই হিসেবে তুলে ধরা হয়েছে। সংগঠনের অভিযোগ, ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণেই জ্যোতিনগরের বাসিন্দাদের উপর আক্রমণ নেমে এসেছে। স্বাধীনতার ৭৯ বছর পরেও এমন পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
৬ সেপ্টেম্বর জ্যোতিনগরে গণকনভেনশন (Kashipur)
এই পরিস্থিতিতে আগামী ৬ সেপ্টেম্বর, বিকেল ৫টায় জ্যোতিনগর বস্তিতে গণকনভেনশনের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য, সামিম আহমেদ, চিকিৎসক ফুয়াদ হালিম, অধ্যাপক মহালয়া চ্যাটার্জি-সহ সংগঠনের নেতৃত্ব।
আরও পড়ুন:Tourism Development: ধনধান্য অডিটোরিয়ামে পর্যটনের নতুন দিশার সূচনা
মানুষের কথা বৃহত্তর সমাজে পৌঁছে দেওয়ার আবেদন
সংগঠনের সম্পাদক শিবেন্দু ঘোষ সংবাদমাধ্যমকে এই গণকনভেনশনে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, জ্যোতিনগরের সাধারণ গরিব ও শ্রমজীবী মানুষের দুর্দশা, তাঁদের জীবনযাপন এবং নিজেদের অধিকার রক্ষার লড়াই বৃহত্তর সমাজের সামনে তুলে ধরা প্রয়োজন। সেই কারণেই সংবাদমাধ্যমের উপস্থিতিকে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি।



